শীর্ষ নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

 

সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উত্তরা ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে এ কার্যক্রম পালিত হয়। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত মাসব্যাপী এ কর্মসূচি সারাদেশে চলমান রয়েছে।

উত্তরায় খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। নিজ হাতে কাজের নেতৃত্ব দিয়ে তিনি বলেন, শুরুতে ধারণা ছিল খালে শুধু কচুরিপানা রয়েছে। কিন্তু বাস্তবে শত শত টন ময়লা-আবর্জনা, পলিথিন, কাগজপত্র, পচা দ্রব্য ও খালের ভেতরে জন্মানো বড় বড় গাছে খালটি বিশাল এক ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত ও আশপাশের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই বিপুল বর্জ্য অপসারণ ও খালকে পরিষ্কার করে আবার পরিচ্ছন্ন ও সচল অবস্থায় ফিরিয়ে আনা। কাজটি সময়সাপেক্ষ ও শ্রমসাধ্য হলেও তারা নিরুৎসাহিত নন। তারা তাদের সকল শক্তি, সামর্থ্য ও সক্ষমতা একত্রিত করে এবং শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও স্থানীয় জনগণের সহযোগিতায় এ উদ্যোগ এগিয়ে নিচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিকতা থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। এই খাল পরিষ্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে এটিকে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশে রূপান্তরিত করতে সক্ষম হবো।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি, ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button