খেলা

বিরল কীর্তিতে মুস্তাফিজ-সানির পাশে বসলেন দক্ষিণ আফ্রিকার রেনেকে

 

মার্চ ২০২৬ (বাসস) : প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কায়লা রেনেকে।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ ও নারীদের ক্রিকেট মিলিয়ে পঞ্চম ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রেনেকে।

গতরাতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩২ বলে অনবদ্য ৪২ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে রেকর্ড বইয়ে নাম তুলেন রেনেকে।

এমন বিরল কীর্তিতে নাম আছে বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও ইলিয়াস সানি। ক্যারিয়ারের অভিষেক টেস্ট ও টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সানি। এছাড়া টেস্ট ও ওয়ানডেকে অভিষেকে ম্যাচ সেরা হন মুস্তাফিজ।

এই তালিকায় নাম লেখানো অন্য দুই পুরুষ ক্রিকেটার হলেন ইংল্যান্ডের বেন ফোকস এবং দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। ফোকস ওয়ানডে ও টেস্টে এবং এনগিডি টেস্ট ও টি-টোয়েন্টিতে সেরা খেলোয়াড় হন।

রেনেকের রেকর্ড গড়া ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৬৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড নারী দল। জবাবে ৮ উইকেট হারিয়ে শেষ বলে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

এর আগে, গত মাসেই পচেফস্ট্রুমে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি জিতেছিলেন রেনেকে। ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button