খেলা

দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের

 

অক্টোবর ২০২৫ (বাসস) : টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বারের মত হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আগামীকাল দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে স্বাগতিক পাকিস্তান।

প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শান মাসুদের দল। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প দেখছে না দক্ষিণ আফ্রিকা।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। বিশ্ব সেরার তকমা নিয়ে চতুর্থ চক্রে নিজেদের প্রথম সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয় প্রোটিয়ারা।

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের স্পিনারদের সামনে আত্মসমর্পন করে দক্ষিণ আফ্রিকা। টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারায় পাকিস্তান।

লাহোরে প্রথম টেস্টের আগে ব্যাট করে ৩৭৮ রান করে পাকিস্তান। জবাবে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণিতে ২৬৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ১০ উইকেটই শিকার করেছেন পাকিস্তানের তিন স্পিনার নোমান আলি-সাজিদ খান ও সালমান আঘা। নোমান ৬টি, সাজিদ ৩টি ও সালমান ১টি উইকেট শিকার করেন।

প্রথম ইনিংস থেকে পাওয়া ১০৯ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনারের তোপে ১৬৭ রানে অলআউট হয় তারা। দুই স্পিনার সেনুরান মুথুসামি ৫টি ও সিমোন হার্মার ৪ উইকেট নেন।

২৭৭ রানের টার্গেটে এই ইনিংসেও সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের দুই স্পিনার নোমান ও সাজিদের সাথে জুটি বেঁধে প্রোটিয়াদের ১৮৩ রানে গুটিয়ে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। নোমান ও আফ্রিদি ৪টি করে এবং সাজিদ ২ উইকেট নেন।

পুরো টেস্টে পতন হওয়া ৪০ উইকেটের মধ্যে ৩৪টিই শিকার করেন পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিনাররা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার ২০ উইকেটের ১৬টি নিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। এজন্য দ্বিতীয় ও শেষ টেস্টে একাদশে বাড়তি স্পিনার নিয়ে খেলার কথা জানালেন পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ।

তিনি বলেন, ‘সিরিজের শেষ ম্যাচে আমরা একজন স্পিনার বেশি নিয়ে খেলার পরিকল্পনা করছি। সেক্ষেত্রে লেগ স্পিনার আবরার আহমেদ বা নতুন মুখ আসিফ আফ্রিদি একাদশে সুযোগ পেতে পারেন।’

আজহার আরও বলেন, ‘প্রথম টেস্টে আমাদের স্পিনারদের খেলতে সমস্যা হয়েছে দক্ষিণ আফ্রিকার। এজন্য আরও একজন বেশি স্পিনার খেলার পরিকল্পনা রয়েছে। তবে সকালের উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইনজুরি থেকে সুস্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের দলে ফিরছেন দক্ষিণ আফ্রিকার সেরা স্পিনার কেশব মহারাজ। তার ফেরা দলকে উজ্জীবিত করবে বলে মনে করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম।। তিনি বলেন, ‘মহারাজ পুরোপুরি ফিট। দলের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত মহারাজ। তার ফেরা দলকে উজ্জীবিত করবে। সিরিজ হার এড়ানোর জন্যই আমরা মাঠে নামব। শেষ ম্যাচে জয় পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।’

এখন পর্যন্ত টেস্ট ফরম্যাটে ৩১ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তানের জয় ৭টিতে এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৭ ম্যাচে। ৭ টেস্ট ড্র হয়।

পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফয়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হক, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নোমান আলি, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাজিদ খান, সালমান আলি আঘা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, শিমরন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, প্রেনেলান সুব্রায়েন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button