শীর্ষ নিউজ

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার

 

 জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী মো. সোহাগ হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার মাহমুদুল হাসান মহিন দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে পাঁচ আসামি এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ রোববার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।

গত ১০ জুলাই মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৫ জুলাই মাহমুদুল হাসান মহিনের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামি করা হয়।

নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button