চট্টগ্রাম

চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল

 

নভেম্বর ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরে বাস্কেটবল খেলাকে আরও গতিশীল ও আকর্ষণীয় করতে এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে ৯ দিনব্যাপী জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল রোববার। প্রতিযোগিতায় বালক বিভাগে ১২টি ও বালিকা বিভাগে ৮টি দল অংশগ্রহণ করবে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় প্রতিযোগিতার সকল প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে।

আজ শনিবার জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লিখিত বক্তব্যে এ তথ্য জানান, জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিজেকেএস বাস্কেটবল কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজু।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন. বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) ও সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ থেকে ১৭ নভেম্বর সাগরিকাস্থ বাস্কেটবল কোর্টে গ্রুপ পর্যায় ও চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পুরুষ বিভাগে গ্রুপ পর্বে ৯টি, সেমিফাইনালে ২টিসহ তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ পর্বে অংশ নেবে বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী ও বাংলাদেশ পুলিশ। চূড়ান্ত পর্বে খেলবে আলফা ১ ও ২ (বিভাগীয় ও জেলা দল), ব্রাভো ১ ও ২ (বিশ্ববিদ্যালয়/কলেজ প্রতিনিধি দল) এবং চার্লি ১ ও ২ (সামরিক/আধা সামরিক/বেসামরিক সংস্থা)।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে এক লাখ টাকা, রানার্স-আপ ৭৫ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারী দল ৫০ হাজার টাকা এবং ফাইনালের সেরা খেলোয়াড় ২৫ হাজার টাকা পুরস্কার পাবেন।

জাতীয় প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা বাস্কেটবল মহিলা দল ইতোমধ্যে ৩য় স্থান অর্জন করেছে এবং পুরুষ দল গ্রুপ পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ উৎসবে ২৭টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী সিজেকেএস বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন অ্যাডহক কমিটির সদস্য অনুরুদ্ধ তালুকদার বর্ণ, সিজেকেএস বাস্কেটবল উপ-কমিটির ভাইস চেয়ারম্যান কুইন্টেন রিবেরো, যুগ্ম সম্পাদক রবিউল হাসান বাবলু, সদস্য ইমরুল কায়েস এবং সিজেকেএস প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button