চট্টগ্রামশীর্ষ নিউজ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১২০ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

 

জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমানবন্দরের কার্গো টার্মিনালে কাস্টমস এয়ারফ্রেইট শাখা ও এভসেক যৌথ অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করে।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ইএ১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আসেন মো. আবু জাহেদ নামের এক যাত্রী। তার নামে আসা ‘ইউ ব্যাগেজ’ রাত ৮টা ৩০ মিনিটে কার্গো টার্মিনালে স্ক্যানিং করার সময় ভেতরে স্বর্ণসদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।

সূত্রটি আরও জানায়, পরবর্তী সময় রাত ১২টা ৩০ মিনিটে সিঅ্যান্ডএফ এজেন্ট মাউন্টেইন শিপিং লিমিটেডের প্রতিনিধি নুরুল আলমের উপস্থিতিতে ব্যাগটি খোলা হয়।

জুয়েলারি বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করে ওই ব্যাগ থেকে ১২০ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। উদ্ধার এই স্বর্ণের বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দকৃত স্বর্ণগুলো ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (ডিএম) মূলে জব্দ করা হয়েছে।

বর্তমানে এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button