খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে কাল মাঠে নামছে বাংলাদেশ

জানুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকাল নেপালের আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল।

যুক্তরাষ্ট্র ছাড়াও ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া এবং পাপুয়া নিউ গিনি।

গ্রুপ পর্বে ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।

বাছাই পর্ব খেলতে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই জয় পেয়েছে তারা।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ২৬ রানে এবং দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৪ রানে হারায় টাইগ্রেসরা।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ৮টি দল খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‌্যাংকিং ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে।

বাছাই পর্ব থেকে আরও ৪টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাছাই পর্বে দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সুপার সিক্স শেষে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বের খেলার টিকেট পাবে।

বাছাই পর্বে বাংলাদেশের চার ম্যাচের সূচি :

১৮ জানুয়ারি : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ভেন্যু- আপার মুলপানি
২০ জানুয়ারি : বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি, ভেন্যু- ত্রিভুবন বিশ্ববিদ্যালয়
২২ জানুয়ারি : বাংলাদেশ-নামিবিয়া, ভেন্যু- ত্রিভুবন বিশ্ববিদ্যালয়
২৪ জানুয়ারি : বাংলাদেশ-আয়ারল্যান্ড, ভেন্যু- আপার মুলপানি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button