চট্টগ্রামশীর্ষ নিউজ

৩৩০ দুষ্কৃতকারী চট্টগ্রামে প্রবেশ-অবস্থান নিষিদ্ধ করলেন সিএমপি কমিশনার

জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগর থেকে ৩৩০ জনকে দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করে তাদের অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড়ো ধরনের প্রশাসনিক এই সিদ্ধান্ত নিয়েছে সিএমপি।

আজ শনিবার সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে মহানগরী এলাকা থেকে ৩৩০ জন দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীকে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দুষ্কৃতকারী দলের সদস্যদের চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

১২ পৃষ্ঠার এই তালিকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে ছিনতাইকারী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্যদের নাম রয়েছে।

তালিকার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন- শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ ও মহিউদ্দিন বাচ্চু।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর এবং আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button