রাজনীতিশীর্ষ নিউজ

মুসাব্বির হত্যা: বিল্লাল রিমান্ডে, দুইজন কারাগারে

 

জানুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত আসামি বিল্লালের (২৯) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। অপর দিকে আব্দুল কাদির (২৮) ও রিয়াজকে (৩১) রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সাত দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য বিল্লালকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাত হোসাইন মোহাম্মদ জুনায়েদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দিকে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত আব্দুল কাদির (২৮) ও রিয়াজকে (৩১) কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাত হোসাইন মোহাম্মদ জুনায়েদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১২ জানুয়ারি বিল্লাল (২৯), আব্দুল কাদির (২৮) ও রিয়াজের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। অপর দিকে আসামি জিন্নাত স্বেচ্ছায় দায় স্বীকার করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জন আসামির বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button