খেলা

অদম্য টি-টোয়েন্টির ফাইনালে ধুমকেতুকে হারানোর ব্যাপারে আশাবাদী দুর্বার

 

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের নিয়ে ঠাসা ধুমকেতু একাদশকে হারিয়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ জয়ের ব্যাপারে আশাবাদী দুর্বার একাদশের পেসার সৈয়দ খালেদ আহমেদ।

গ্রুপ পর্বে ২ ম্যাচ খেলে শতভাগ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠে দুর্বার। ধুমকেতুর বিপক্ষে ২ উইকেটে এবং দুরন্ত একাদশের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় দুর্বার।

দুরন্ত একাদশের বিপক্ষে ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক ছিলেন খালেদ।

২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠে ধুমকেতু। দুই ম্যাচই হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় দুরন্ত।

আগামীকাল ধুমকেতুর বিপক্ষে ফাইনালকে সামনে রেখে খালেদ বলেন, ‘আমি সবসময় সাদা বলের এবং লাল বলে ক্রিকেট খেলা উপভোগ করি। সবসময় আমার লক্ষ্য থাকে, ম্যাচে শতভাগ দেওয়া।’

তিনি আরও বলেন, ‘আমরা ধুমকেতুর বিপক্ষে ফাইনাল খেলব, যা বর্তমান জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত। জাতীয় দলের অনেকেই আমাদের দলেও খেলেছে। হয়ত তারা এখন জাতীয় দলে খেলছে না, তারপরও সবাই অভিজ্ঞ। আমাদের দল খুবই ভারসাম্যপূর্ণ। বোলিং লাইন-আপ শক্তিশালী, আমার মনে হয় ফাইনাল জয়ের ভাল সুযোগ আমাদের আছে। আমরা চ্যাম্পিয়ন হবার জন্য চেষ্টা করব।’

নিজের বোলিং পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে খালেদ বলেন, ‘আমি লাইন লেন্থ বজায় রেখে বোলিং করার চেষ্টা করেছি। আমাদের পরিকল্পনা ছিল, স্টাম্প টু স্টাম্প বল করা।’

দুরন্ত ফাইনালে উঠতে না পারলেও ঐ দলের তরুণ খেলোয়াড়দের সামনে উজ্জ্বল ভবিষ্যত দেখছেন খালেদ।

তিনি বলেন, ‘ঐ দলের তরুণ ক্রিকেটাররা এখনও শিখছে। নিজেদের প্রমাণের ভাল প্ল্যাটফর্ম পেয়েছিল, কিন্তু তারা সেটি করতে পারেনি। তবে আমি বিশ্বাস করি, আবারও সুযোগ পেলে তারা ঘুরে দাঁড়াবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button