খেলা

সান্ডারল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো আর্সেনাল

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভিক্টর গায়োকেরেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল তাদের লিড বাড়িয়ে নয় পয়েন্টে নিয়ে গেছে। অন্যদিকে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-০ ব্যবধানে হারের পর টটেনহ্যাম কোচ থমাস ফ্র্যাঙ্ককে বরখাস্তের দাবি আবারও জোরালো হয়েছে।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৪২তম মিনিটে আর্সেনাল এগিয়ে যায়। সান্ডারল্যান্ড গোলরক্ষক রবিন রোফসের থুক কাছে থেকে বল জালে জড়ান মার্টিন জুবিমেন্ডি।

৬৬তম মিনিটে গায়োকেরেস গোল করে আর্সেনালের ব্যবধান দ্বিগুন করেন। পরে যোগ করা সময়ে আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই সুইডিশ ফরোয়ার্ড।

২০২০ সালের এফএ কাপের পর থেকে কোনো শিরোপা জিততে না পারা আর্সেনাল ২২ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংলিশ লিগ শিরোপার দিকে এগোচ্ছে।

২০২৩ ও ২০২৪ সালে মৌসুমের প্রায় বেশীরভাগ সময় বড় লিডে এগিয়ে থেকেও টানা তিন মৌসুম রানার্সআপ হওয়ার পর, উত্তর লন্ডনের ক্লাবটি অবশেষে শিরোপা খরা কাটানোর পথে রয়েছে বলেই মনে হচ্ছে।

মাঝ সপ্তাহে চেলসিকে হারিয়ে আর্সেনাল লিগ কাপের ফাইনালে উঠে। ২২ মার্চ ওয়েম্বলির ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

কাল ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, “আমাদের লক্ষ্যে পৌঁছাতে এখনও অনেক ম্যাচ জিততে হবে। আজ রাতে সুন্দর একটি ডিনার করব এবং কাল সিটি-লিভারপুলের বড় ম্যাচটি দেখব”।

তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা বোর্নমাউথের মাঠে ১-১ ড্র করার পর শীর্ষে থাকা আর্সেনালের থেকে নয় পয়েন্ট পিছিয়ে রয়েছে।

২২তম মিনিটে মর্গান রজার্সের দুর্দান্ত শটে ভিলা এগিয়ে গেলেও, ৫৫তম মিনিটে বোর্নমাউথের হয়ে ব্রাজিলিয়ান কিশোর রায়ান লিগে তার প্রথম গোল করে সমতা ফেরান।

ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহ্যাম অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর লাল কার্ডের সুযোগ নিয়ে কোচ মাইকেল ক্যারিকের অধীনে টানা চতুর্থ জয় তুলে নেয়। অন্যদিকে এই পরাজয়ে চাপের মুখে থাকা ফ্র্যাঙ্কের পরিস্থিতি আরও জটিল হয়।

২৯ মিনিটে গোলশূন্য অবস্থায় রোমেরো ক্যাসেমিরোর পায়ে বিপদজনক ট্যাকল করায় লাল কার্ড দেখেন। সম্প্রতি টটেনহ্যামের মালিকদের সমালোচনা করা এই ডিফেন্ডারের বিদায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

৩৮ মিনিটে পরিকল্পিত কর্নার থেকে ব্রায়ান এমবেউমো ইউনাইটেডকে এগিয়ে দেন। ৮১ মিনিটে পোস্টেও কাছ থেকে গোল করে ব্রুনো ফার্নান্দেস টটেনহ্যামের বিপক্ষে ইউনাইটেডের আট ম্যাচের জয়হীন ধারা শেষ করেন এবং চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের দৌড়ে চতুর্থ স্থানে নিজেদের অবস্থান মজবুত করেন।

আরেকটি হতাশাজনক হারে টটেনহ্যাম লিগ টেবিলের ১৪তম স্থানে নেমে গেছে। এই মুহূর্তে স্পার্সরা রেলিগেশন জোন থেকে মাত্র ছয় পয়েন্ট ওপে রয়েছে। ২০২৬ সালে লিগে তাদের জয়হীন ধারা বেড়ে দাঁড়াল সাত ম্যাচে।

স্পার্স বস বলেন, “যা হওয়ার তাই হয়েছে। আমাদের এটা মেনে নিতে হবে। ক্রিস্টিয়ান পরিষ্কারভাবেই বলের জন্য গিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে নিয়ম অনুযায়ী সেটা লাল কার্ড হয়ে যায়। সে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে।”

অন্তর্বর্তীকালীন কোচ ক্যারিক জানুয়ারিতে রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর থেকে দুর্দান্ত এক দল গড়ে তুলে স্থায়ী কোচ হওয়ার দাবিও জোরালো করেছেন।

পঞ্চম স্থানে থাকা চেলসি কোল পালমারের প্রথমার্ধের হ্যাটট্রিকে টেবিলের তলানিতে থাকা উলভসকে ৩-১ গোলে হারিয়েছে। ১৩ ও ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৩৮তম মিনিটে দুর্দান্ত ফিনিশে হ্যাটট্রিক পূর্ণ করেন পালমার।

৫৪তম মিনিটে উলভসের হয়ে একটি গোল শোধ দেন টোলুওয়ালাসে আরোকোদারে।

ওয়েস্ট হ্যাম টার্ফ মুরে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে রেলিগেশন এড়ানোর আশা জোরালো করেছে এবং বার্নলিকে আরও বিপদে ফেলেছে।

১৩তম মিনিটে ক্রিসেনসিও সামারভিল এবং ২৬তম মিনিটে ভ্যালেন্টিন কাস্তেয়ানোস গোল করেন।

নুনো এস্পিরিতো সান্তের দল টেবিলের নিচের দিক থেকে তৃতীয় অবস্থানে থেকে নটিংহাম ফরেস্টের থেকে তিন পয়েন্ট পিছিয়ে আছে। তলানির থেকে দ্বিতীয় দল বার্নলি ১৬ ম্যাচ ধরে জয়হীন থেকে সেফটি জোনের ১১ পয়েন্ট দূরে রয়েছে।

ব্রেন্টফোর্ড সেন্ট জেমস পার্কে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে।

৮৫তম মিনিটে ডাঙ্গো ওয়াত্তারার জয়সূচক গোলে নিউক্যাসল সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে চতুর্থ হার দেখল এবং ১২তম স্থানে পড়ে রইল।

এভারটন ফুলহ্যামের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছে। ৮৩তম মিনিটে ফুলহ্যাম গোলরক্ষক বের্ন্ড লেনোর আত্মঘাতী গোল ম্যাচের নিষ্পত্তি করে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button