খেলা

ইংল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়া করল নেপাল

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে, শেষ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ১০ রান দরকার পড়ে নেপালের। কিন্তু শেষ ওভারে ১০ রানের সমীকরণ মেলাতে না পারায়, দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়া করল নেপাল।

আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে মাত্র ৪ রানে হেরেছে নেপাল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে ইংল্যান্ড। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান করে নেপাল।

মুম্বাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই হোঁচট খায় ইংল্যান্ড। ১ রানে আউট হন ওপেনার ফিল সল্ট। মারমুখী মেজাজে শুরু করে পাওয়ার প্লেতেই বিদায় নেন আরেক ওপেনার জশ বাটলার। ৫টি চারে ১৭ বলে ২৬ রান করেন বাটলার।

সল্ট-বাটলারের পর সাজঘরের পথ ধরেন চার নম্বরে নামা টম ব্যান্টন। ২ রান করেন তিনি। এতে ৫৭ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। এ অবস্থায় জুটি গড়ার চেষ্টায় সফল হন জ্যাকব বেথেল ও অধিনায়ক হ্যারি ব্রুক। দু’জনের ৪৫ বলে ৭১ রানের জুটিতে বড় স্কোরের পথ পেয়ে যায় ইংল্যান্ড।

এই জুটিতে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে ১৪তম ওভারে বিদায় নেন বেথেল। ৪টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৫৫ রান করেন তিনি।

দলীয় ১২৮ রানে বেথেল ফেরার পর ইংল্যান্ডের রানের চাকা সচল রাখেন ব্রুক। ১৯তম ওভারে আউট হবার আগে টি-টোয়েন্টিতে ষষ্ঠ অর্ধশতকের দেখা পান তিনি। ৪টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৫৩ রানে থামেন ব্রুক।

শেষ দিকে ১টি চার ও ৪টি ছক্কায় সাজানো উইল জ্যাকসের ১৮ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। দীপেন্দ্র সিং আইরি ও নন্দন যাদব ২টি করে উইকেট নেন।

জবাবে ২৩ বলে ৩৭ রানের সূচনা করে দ্রুত সাজঘরে ফিরেন নেপালের দুই ওপেনার কুশল ভুর্তেল ও আসিফ শেখ। ৪টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে ভুর্তেল ২৯ ও আসিফ ৭ রানে আউট হন।

৪২ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৫৪ বলে ৮২ রানের জুটিতে দলকে জয়ের লড়াইয়ে রাখেন অধিনায়ক রোহিত পাউডেল ও আইরি। জুটিতে ৬টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৪৪ রান করে আউট হন আইরি।

আইরি ফেরার কিছুক্ষণবাদে থামেন রোহিতও। ২টি করে চার-ছক্কায় ৩৪ বলে ৩৯ রান করেন নেপাল দলনেতা।

২ রানের ব্যবধানে আইরি ও রোহিতের বিদায়ে লড়াই থেকে ছিটকে পড়ে নেপাল। শেষ ৩ ওভারে ৪৬ রান দরকার পড়ে তাদের। ইংল্যান্ড পেসার জোফরা আর্চারের করা ১৮তম ওভার থেকে ৩ ছক্কায় ২২ রান পায় নেপাল। আরিফ শেখ ১টি ও লোকেশ বাম ২টি ছক্কা মারেন। ফলে শেষ ২ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ২৪।

১৯তম ওভারে ১৪ রান আসলে, শেষ ওভারে ১০ রান দরকার পড়ে নেপালের। কিন্তু পেসার স্যাম কারানের করা শেষ ওভার থেকে ৫ রানের বেশি তুলতে পারেননি লোকেশ বাম ও কারান কেসি। এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তুলে হার বরণ করে নেয় নেপাল।

৪টি চার ও ২টি ছক্কায় ২০ বলে অনবদ্য ৩৯ রান করেন লোকেশ। ইংল্যান্ডের লিয়াম ডওসন ২ উইকেট নেন।

ব্যাট হাতে ১৮ বলে ৩৯ রানের পর বোলিংয়ে ১ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন ইংল্যান্ডের জ্যাকস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button