খেলা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিশোধের মিশনে পাকিস্তান

 

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছিল পাকিস্তান। চলতি বিশ্বকাপে কাল দেখা হচ্ছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের। গত আসরে যুক্তরাষ্ট্রের কাছে হারের প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে আগের জয়ে উজ্জীবিত যুক্তরাষ্ট্র আবারও এগিয়ে যেতে বদ্ধপরিকর।

শ্রীলংকার কলম্বোতে ‘এ’ গ্রুপে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

২০২৪ সালের জুনে ডালাসে ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারে পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ২০ ওভারে ৩ উইকেটে ১৫৯ রান তুলে ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১৮ রান তুলে যুক্তরাষ্ট্র। ১৯ রানের লক্ষ্যে ১ উইকেটে ১৩ রানে আটকে যায় পাকিস্তান। ফলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের কাছে ঐ হার এখনও পোড়ায় পাকিস্তানকে। কারণ ঐ হারেই গত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান।

এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে সর্তক পাকিস্তান। গত বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে মরিয়া তারা। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, ‘গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের দুঃস্মৃতি এখনও আমাদের মনে আছে। এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্তক আমরা। নিজেদের পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততে চাই আমরা। গত আসরের হারের প্রতিশোধ নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’

ইতোমধ্যে জয় দিয়ে চলতি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

অন্যদিকে হার দিয়ে বিশ্বকাপ শুরু করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। ভারতের কাছে ২৯ রানে হারে তারা। পাকিস্তানের বিপক্ষে আগের বিশ্বকাপের জয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামব। গত বিশ্বকাপের জয় দলের সবাইকে উজ্জীবিত করছে। এবারও পাকিস্তানকে হারানোর ব্যাপারে আমরা আশাবাদী। তবে কাজটা সহজ হবে না। পাকিস্তান সবসময়ই ভাল দল। নিজেদের দিনে যেকোন দলকে ধ্বসিয়ে দেওয়ার সামর্থ্য তাদের আছে।’

‘এ’ গ্রুপের আরেক ম্যাচে কাল মুখোমুখি হবে নামিবিয়া ও নেদারল্যান্ডস। পাকিস্তানের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে নেদারল্যান্ডস। তবে চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে নামিবিয়া। ভারতের দিল্লিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মুখোমুখি হবে তারা।

পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফা, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

যুক্তরাষ্ট্র দল : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জেসি সিং, আন্দ্রিস গাউস, শেহান জয়সুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নন্তুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শাকউইক, সৌরভ নেত্রাভালকার, আলি খান, মোহাম্মদ মহসিন ও শুভম রঞ্জানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button