খেলা

ভিনিসিয়াসের জোড়া গোলে লা লিগার শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ

 

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভিনিসিয়াস জুনিয়রের জোড়া পেনাল্টির গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বার্সেলোনাকে হটিয়ে রিয়াল সাময়িকভাবে লা লিগার শীর্ষে উঠেছে। পেনাল্টি দুটি নিজেই আদায় করে নেন ভিনিসিয়াস।

দুই মাসেরও বেশি সময় পর প্রথম একাদশে সুযোগ পেয়ে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও দারুণ পারফরম্যান্স দেখান। ফলে আরবেলোয়া আলভারোর দল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে যায়। বার্সেলোনা সোমবার জিরোনার মাঠে খেলবে।

এই পরাজয় ছিল রিয়াল সোসিয়েদাদের মার্কিন কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর অধীনে ১০ ম্যাচে প্রথম হার।

রিয়ালের হয়ে আরও গোল করেন তরুণ ফরোয়ার্ড গনসালো গার্সিয়া ও ফেদে ভালভার্দে। আগামী মঙ্গলবার লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মাদ্রিদ।

ভালভার্দে বলেন, “আক্রমণ ও রক্ষণ- দুই দিকেই আমরা দারুণ কাজ করেছি। পুরো ম্যাচজুড়ে আমরা দল হিসেবে প্রতিরোধ করেছি, সেটা বোঝা গেছে।”

উরুর চোট কাটিয়ে ডিসেম্বরের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই প্রভাব ফেলেন আলেকজান্ডার-আর্নল্ড। তার বাড়ানো ক্রস থেকে নিখুঁত ফিনিশে গোল করেন গার্সিয়া। হাঁটুর অস্বস্তির কারণে কিলিয়ান এমবাপ্পে বেঞ্চে থাকায় গার্সিয়া সুযোগ পান।

রিয়াল সোসিয়েদাদ ২১ মিনিটে সমতা ফেরায়। ডিন হুইসেন বক্সে ইয়াঙ্গেল হেরেরাকে ফেলে দিলে পেনাল্টি পায় তারা। মিকেল ওয়ারিয়াজাবাল স্পট-কিক থেকে গোল করেন।

তবে তাদেও এই আনন্দ স্থায়ী হয়নি। ভিনিসিয়াসকে বক্সে ফাউল করলে রিয়াল পেনাল্টি পায়। ব্রাজিলিয়ান এই তারকা গোল করে দলকে আবারও এগিয়ে দেন। ৩১ মিনিটে দুর্দান্ত কার্লিং শটে তৃতীয় গোল করেন ভালভার্দে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভিনিসিয়াসকে ফাউল করে পেনাল্টি উপহার দেন সোসিয়েদাদের আরামবুরু। এবারও গোল করে ব্যবধান বাড়ান ভিনিসিয়াস।

জুড বেলিংহাম চোটে বাইরে এবং এমবাপ্পে বেঞ্চে থাকায় ভিনিসিয়াস আক্রমণে আরও স্বাধীনতা পান এবং পুরো ম্যাচে ছিলেন সবচেয়ে প্রাণবন্ত।

গার্সিয়া দ্বিতীয় গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন। ভিনিসিয়াস হ্যাটট্রিকও পেতে পারতেন, কিন্তু অফসাইডের কারণে তার গোল বাতিল হয়।

সোসিয়েদাদ অধিনায়ক ওয়ারিয়াজাবাল বলেন, “প্রথমার্ধ কঠিন ছিল, আমরা স্বাচ্ছন্দ্যে ছিলাম না। সামগ্রিকভাবে আমরা খারাপ খেলেছি। তবে একটি খারাপ ম্যাচ আমাদের ভালো ধারাকে নষ্ট করে দিতে পারে না।”

এর আগে গেতাফের কাছে ২-১ গোলে হেরে শীর্ষ চারে থাকার লড়াইয়ে ধাক্কা খায় ভিয়ারিয়াল। গেতাফের হয়ে মাউরো আরামবারি ও মার্টিন সাত্রিয়ানো গোল করেন। ভিয়ারিয়ালের পক্ষে একটি গোল শোধ দেন জর্জেস মিকাউতাদজে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button