বিশ্বশীর্ষ নিউজ

মাদক সম্রাট হত্যার পর মেক্সিকো ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্র-কানাডা’র

 

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মেক্সিকোর সেনাবাহিনী শীর্ষ এক মাদক সম্রাটকে হত্যা করার পর দেশটির কিছু এলাকায় সহিংসতা, সড়ক অবরোধ এবং ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে গতকাল রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে মেক্সিকোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মেক্সিকোর অনেক এলাকায় চলমান ব্যাপক নিরাপত্তা অভিযান এবং সংশ্লিষ্ট সড়ক অবরোধ এবং অপরাধমূলক কার্যকলাপের কারণে দেশটিতে পরিস্থিতি অস্থির রয়েছে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের নিজ নিজ অবস্থান স্থলে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, সড়ক অবরোধের কারণে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। এর ফলে গুয়াদালাজারা এবং পুয়ের্তো ভাল্লার্তা  এই দুই শহরে কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

মেক্সিকান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের ৫৯ বছর বয়সী নেতা নেমেসিও ওসেগুয়েরা তাপালপা শহরে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়। পরে তাকে বিমানযোগে মেক্সিকো সিটিতে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

তার মাথার দাম হিসেবে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

কানাডা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি মেক্সিকোতে অবস্থানরত কানাডিয়ান নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি এবং বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে  মিচোয়াকান, গুয়েরেরো এবং জালিস্কো রাজ্যের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।

অস্থিরতার পর গতকাল রোববার বেশ কয়েকটি মার্কিন এবং কানাডিয়ান বিমান সংস্থা মেক্সিকোর কিছু এলাকায়  ফ্লাইট বাতিল করেছে।

মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড, আমেরিকান, সাউথওয়েস্ট এবং আলাস্কা, সেইসাথে কানাডিয়ান বিমান সংস্থা এয়ার কানাডা এবং ওয়েস্টজেট/সানউইং, পুয়ের্তো ভাল্লার্তা, গুয়াদালাজারা এবং মানজানিলোতে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

বেশ কয়েকটি বিমান সংস্থা জানিয়েছে, কয়েকটি বিমান মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়েছে। এর মধ্যে রয়েছে সাউথওয়েস্টসহ পুয়ের্তো ভাল্লার্তার উদ্দেশ্যে প্রাথমিকভাবে গমনকারী চারটি ফ্লাইট।

সাউথওয়েস্ট জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যাত্রী এবং কর্মীদের ফিরিয়ে আনতে তারা মেক্সিকোতে বিমান পাঠাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button