খেলা

লিটনের অফ ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত

 

ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে লিটন দাস ফর্ম ফিরে পাবেন বলে আশা করছেন উত্তরাঞ্চলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবারের আসরে উত্তরাঞ্চলের হয়ে খেলবেন লিটন।

আজ সংবাদমাধ্যমকে শান্ত বলেন, ‘লিটন যেভাবে টি-টোয়েন্টি খেলছেন এবং টেস্টে নিয়মিত পারফর্ম করছেন, তাতে ওয়ানডেতে তার ফর্ম নিয়ে চিন্তার দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি অন্যান্য ফরম্যাটে তার ভাল ফর্ম ওয়ানডেতে রানে ফিরতে সাহায্য করবে।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ভারতের বিপক্ষে ৬৬ রান করার পর, আর কোন হাফ-সেঞ্চুরির ইনিংস খেলতে পারেননি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন। শেষ ৮ ওয়ানডেতে মাত্র ৪৫ রান করেন তিনি। এরমধ্যে চার ইনিংসে রানের খাতাই খুলতে পারেনি লিটন।

তারপরও লিটনের ফর্ম নিয়ে চিন্তিত নন শান্ত। তিনি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি মোটেও চিন্তিত নই। তার অভিজ্ঞতা এবং পরিপক্কতা অবশ্যই দলকে সাহায্য করবে এবং আমি বিশ্বাস করি সে ইতিবাচক অবদান রাখবে।’

আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করেন শান্ত।

শান্ত বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের প্রস্তুতির জন্য একটি দুর্দান্ত সুযোগ। নতুন খেলোয়াড়দের পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে ভাল করা ক্রিকেটাররাও নিজেদের প্রমাণ করার জন্য একটি প্ল্যাটফর্ম পাবে।’

তিনি আরও বলেন, ‘এবারের আসরে চার দল দু’টি উন্নত মানের ভেন্যুতে খেলবে। যা ব্যাটার এবং বোলারদের জন্য খেলাধুলাপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ। এই ধরণের উইকেট প্রস্তুতির জন্য আদর্শ। আমরা যদি এখানে ভাল করি, তাহলে পাকিস্তান সিরিজে আত্মবিশ্বাসী থাকব।’

টুর্নামেন্টটি ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হবে। যেখানে দেশের শীর্ষ ৬০ জন ক্রিকেটার চারটি দলে বিভক্ত হয়ে খেলবে। দীর্ঘ বিরতির পর এই প্রতিযোগিতা দিয়ে ওয়ানডে ফরম্যাটে ফিরবে বাংলাদেশ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতার প্রত্যাশা করছেন শান্ত। তিনি বলেন, ‘এটি একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হবে। সব উইকেটই ভাল এবং স্পোর্টিং। যা সকল দলের জন্যই সমান সুযোগ তৈরি করবে। যে দল ভাল পারফর্ম করবে তারাই জিতবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button