খেলা

লেভান্তেকে হারিয়ে লা লিগায় শীর্ষে ফিরলো বার্সেলোনা

 

ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : বার্সেলোনা রোববার লেভান্তেক ৩-০ গোলে হারিয়ে আবারও লা লিগা টেবিলের শীর্ষস্থান দখল করেছে।

শনিবার রিয়াল মাদ্রিদ ওসাসুনার কাছে ২-১ গোলে হারের পর হান্সি ফ্লিকের দল ন্যু ক্যাম্পে ১৯তম স্থানে থাকা লেভান্তের বিপক্ষে সহজ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে এক পয়েন্ট এগিয়ে যায়।

মার্ক বার্নাল ও ফ্রেংকি ডি জং প্রথমার্ধে দলকে শক্ত অবস্থানে নেন, আর শেষদিকে দুর্দান্ত শটে জয় নিশ্চিত করেন ফারমিন লোপেজ।

গত সপ্তাহে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ ব্যবধানে হার এবং সোমবার জিরোনার বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজয়ের পর এই জয়ে বার্সা শিবিওে স্বস্তি ফিরেছে।

ফ্লিক বলেন, “আমাদের জন্য সময়টা খুব খারাপ ছিল, কিন্তু আজ আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এখন শীর্ষে থাকা গুরুত্বপূর্ণ, তবে পথ এখনও দীর্ঘ।”

রক্ষণে উন্নতির আহ্বান জানালেও বার্সা আগের মতোই কিছুটা খোলা ছিল, তবে লেভান্তে দুর্বল ফিনিশিংয়ের কারণে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি।

জানুয়ারিতে ধারে যোগ দেওয়া হুয়াও ক্যান্সেলো ও এরিক গার্সিয়ার চমৎকার সমন্বয়ে বার্নাল দলকে এগিয়ে দেন। দীর্ঘমেয়াদী হাঁটুর চোট কাটিয়ে ফেরা ১৮ বছর বয়সী বার্নালের এটি দ্বিতীয় গোল।

অভিজ্ঞ পোলিশ ফরোয়ার্ড রবার্ট লিওয়ানদোস্কি ভাল সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। পরে ক্যানসেলোর বাঁ দিক থেকে দেওয়া দারুণ পাসে ডি ইয়ং গোল করে বিরতির আগে ব্যবধান দ্বিগুন করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে এরিক গার্সিয়া জুলেস কুন্ডের ক্রস থেকে গোলের সুযোগ নষ্ট করেন।

শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় ফারমিন লোপেজ দূরপাল্লার দুর্দান্ত শট পোস্টে জালে জড়ালে তৃতীয় গোল উপহার পায় বার্সেলোনা। শেষদিকে তিনি চতুর্থ গোলের কাছাকাছি পৌঁছালেও লেভান্তে গোলরক্ষক ম্যাথিউ রায়ান চমৎকার সেভে তাকে হতাশ করেন।

হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে এক মাস পর বদলি হিসেবে মাঠে ফেরেন পেড্রি।

এই হারে লেভান্তে সেফটি জোন থেকে সাত পয়েন্ট পিছিয়ে রইল।

এর আগে সেভিয়া গেতাফের মাঠে ১-০ গোলের জয় পায়। আর সেল্টা ভিগো মায়োর্কাকে ২-০ গোলে হারায়। ভ্যালেন্সিয়া ভিয়ারিয়ালেরর কাছে ২-১ গোলে হেরে রেলিগেশন জোন থেকে দুই পয়েন্ট উপরে উঠে ১৬তম স্থানে রয়েছে।

মার্সেলোনা গার্সিয়া টোরালের ভিয়ারিয়াল শীর্ষে থাকা বার্সার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপা লড়াই কঠিন হলেও এই জয়ে তারা চতুর্থ স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে।

লারজি রামাজানি পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দিলেও সান্তি কোমেসানার গোলে সমতা ফেরে। বিরতির আগে পাপে গুয়ের পেনাল্টি গোল ভিয়ারিয়ালের জয় নিশ্চিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button