আঞ্চলিকশিক্ষা

বাওয়া স্কুলের উদিতি দাশের ট্যালেন্টপুলে বাজিমাত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫-এ ট্যালেন্টপুলে মেধাবৃত্তি অর্জন করে সাফল্যের স্বাক্ষর রাখল বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ–এর শিক্ষার্থী উদিতি দাশ মুমু। ফল প্রকাশের পরপরই শিক্ষাঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে একযোগে দেশের ৯টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছেন ১ হাজার ২২৭ জন এবং সাধারণ বৃত্তি অর্জন করেছেন ২ হাজার ৬৩০ জন শিক্ষার্থী।
নিজের এই অর্জনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উদিতি দাশ মুমু বলেন, “শিক্ষকদের আন্তরিক পরিশ্রম ও দিকনির্দেশনা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।”
তিনি স্কুলশিক্ষক, কোচিং ও প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, “প্রিয় শিক্ষকদের পরামর্শ ও অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।” এসময় মা-বাবার অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এই মেধাবী শিক্ষার্থী।
উদিতির মা বিদিতা চৌধুরী গৃহিণী এবং পিতা শুকলাল দাশ চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার।
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত পিতা শুকলাল দাশ জানান, নিয়মিত স্কুল ও কোচিংয়ের পাশাপাশি বাসায় নির্ধারিত রুটিন মেনে পড়াশোনা করেছে উদিতি। বিশেষ করে পরীক্ষার আগের কয়েক মাসের রাত-দিনের অধ্যবসায়ই তাকে এই কৃতিত্ব এনে দিয়েছে।’ ভবিষ্যতেও এই সাফল্যের ধারা ধরে রাখতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে উদিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button