আনোয়ারা ইউএনও ও কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগ উঠেছে। ‘Daily Anowara Karnaphuli’ নামক একটি ফেসবুক পেইজের বিরুদ্ধে এসব অপপ্রচার চালানোর অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চৌধুরী নিউটন বড়ুয়া বাদী হয়ে গত ১লা মার্চ আনোয়ারা থানায় এই জিডিটি দায়ের করেন। যার থানা জিডি নম্বর ২৬।
জিডি সূত্রে জানা যায়, Daily Anowara Karnaphuli পেইজ/আইডিটি গত কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করে আসছে।
অভিযোগে যা বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি পেইজটিতে ‘আনোয়ারার ইউএনও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকে অভিযোগের প্রস্তুতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক ফরিদুল ইসলামের বরাত দিয়ে ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি এবং বাদী নিউটন বড়ুয়ার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনা হয়।
এর আগে, গত ১৪ জানুয়ারি ‘অনিয়মে ভরপুর আনোয়ারা উপজেলা প্রশাসনের প্রায় দপ্তর, ভোগান্তিতে সাধারণ মানুষ’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করে পেইজটি। এতে অভিযোগ করা হয়, ইউএনও’র আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন দপ্তরের প্রধানরা অনিয়ম করে সাধারণ মানুষকে হয়রানি করছেন।
আবার ২০২৫ সালের ১৭ ডিসেম্বর পেইজটিতে ‘চাঁদাবাজির টাকায় সাংবাদিকদের মগ উপহার দিলেন ইউএনও পিএ নিউটন বড়ুয়া’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করা হয়, যা বাদীর দাবি, সম্পূর্ণ অসত্য ও মানহানিকর।
বাদী চৌধুরী নিউটন বড়ুয়া তার আবেদনে উল্লেখ করেছেন, এসব সংবাদে উপজেলা প্রশাসন ও কর্মকর্তাদের বিরুদ্ধে আপত্তিকর ও অসত্য তথ্য দিয়ে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তিনি Daily Anowara Karnaphuli নামক ফেসবুক পেইজের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন জানিয়েছেন।
আনোয়ারার উপজেলার একাধিক গণমাধ্যমকর্মীরা জানান, ‘Daily Anowara Karnaphuli’ নামক কোন সরকারি অনুমোদিত পত্রিকা নেই। এটি কোন দুষ্টচক্র ফেসবুকে আইডি বা পেইজ খুলে নানা জনের নামে অপপ্রচার করছে। আমরাও বিষয়টি লক্ষ্য করছি। এসব কোন সাংবাদিকতা নয়। অপপ্রচার আর গুজব । এদের দ্রুত আইনের আওতায় আনা দরকার।
আনোয়ারা থানার জিডি নম্বর ২৬/২৫.২৬ (৬০২১০৬১২০২৬) সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, যে বা যারা কাজটি করছেন তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।




