বিশেষ খবররাজনীতি

ইউএনজিএ সভাপতির পদে আর্জেন্টিনার সমর্থন চাইল ঢাকা

 

মার্চ, ২০২৬ (বাসস): পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার সঙ্গে বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আর্জেন্টিনার মূল্যবান সমর্থন কামনা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান তিনি।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের প্রতি আর্জেন্টিনা সরকারের শুভেচ্ছা পৌঁছে দেন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও আর্জেন্টিনার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীরতর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি-আমদানি বহুমুখীকরণ, কৃষিখাতে কারিগরি সহযোগিতা জোরদার এবং বিদ্যমান ফুটবল সংক্রান্ত সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ক্রীড়া সহযোগিতা বৃদ্ধিকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেন।

এছাড়া জ্বালানি বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল অংশীদারিত্ব এবং বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়।

ড. খলিলুর রহমান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বহুখাতভিত্তিক সংলাপ শুরু করার প্রস্তাব দেন, যাতে নির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়া যায়।

তিনি ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস পুনরায় চালু করায় কৃতজ্ঞতা জানান এবং বুয়েনোস আইরেসে বাংলাদেশ দূতাবাস পুনরায় চালুর বিষয়ে আর্জেন্টিনার সম্মতির প্রশংসা করেন।

সেখানে দ্রুত আবাসিক মিশন কার্যকর করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

এর আগে আর্জেন্টিনার রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আর্জেন্টিনার জনগণের মধ্যে ফুটবলকেন্দ্রিক গভীর সংযোগের কথা তুলে ধরেন এবং যুব ও নারী ফুটবল উন্নয়নে কাঠামোবদ্ধ সহযোগিতার প্রস্তাব দেন।

তিনি ব্যবসায়িক নেটওয়ার্ক জোরদার ও বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ-আর্জেন্টিনা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার গুরুত্বও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশের ওষুধ, সিরামিক, পাটজাত পণ্য ও তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button