দেশব্যাপী এএফসি উইমেন্স ফুটবল ডে উদযাপন
মার্চ ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় এএফসি উইমেন্স ফুটবল ডে উদযাপন করা হয়েছে।
নারী ফুটবলের প্রসার এবং তরুণীদের ফুটবলে অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে টাঙ্গাইল, ঠাকুরগাঁও, রংপুর, খাগড়াছড়ি, বিকেএসপি এবং বাফুফের আর্টিফিশিয়াল টার্ফ মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন স্থানে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব এবং ফুটবল সংশ্লিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন। ঠাকুরগাও এর
রানীশংকৈলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএফসি কোচ গোপাল মুর্মু সুগা (রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড উইমেন্স ফুটবল একাডেমি), সাবেক প্রেস ক্লাব সভাপতি মোবাররক হোসেন, ইএসডিও গেম চেঞ্জার প্রজেক্টের পিসি শরিফুল ইসলাম এবং উন্নয়নকর্মী সুচি।
রংপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ, সহ-সভাপতি শামীম খান মিসকিন, সুদ্দোপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি মিলন মিয়া, ক্লাবের সিও জহির আলম নয়নসহ স্থানীয় বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
খাগড়াছড়িতে আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
ঢাকায় বাফুফের আর্টিফিশিয়াল টার্ফ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও উইমেন্স উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান, ডেভেলপমেন্ট কমিটির সদস্য রওশন আখতার হায়দার এবং বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর এ কে এম সাইফুল বারী টিটু।
উদযাপনগুলো ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। দিনব্যাপী বিভিন্ন ফুটবল কার্যক্রমে অংশ নেয় ৮-১৫ বছর বয়সী অসংখ্য কিশোরী ও তরুণী। এই আয়োজন নারী ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের স্বপ্ন দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।




