বিনোদনশিক্ষা

অমর একুশে বইমেলায় ১৪তম দিনে নতুন বই এসেছে ১১৩টি

 

মার্চ, ২০২৬ (বাসস): অমর একুশে বইমেলার ১৪তম দিনে আজ মেলায় নতুন বই এসেছে ১১৩টি। মেলা দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে।

বিকেল ৩ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : এম শমসের আলী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন এ বি এম ওবায়দুল ইসলাম।

আলোচনায় অংশ নেন ফারসীম মান্নান মোহাম্মদী  এবং সভাপতিত্ব করেন আরশাদ মোমেন।

বি এম ওবায়দুল ইসলাম বলেন, ড. শমশের আলী ছিলেন বাংলাদেশের বিজ্ঞান ও শিক্ষাজগতে একজন নক্ষত্র। তিনি গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেন তার গভীর তাত্ত্বিক বিশ্লেষণ ও সৃষ্টিশীল চিন্তাশক্তির মাধ্যমে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষত পারমাণবিক ভৌতবিজ্ঞানে তার মৌলিক গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত হয়েছিল।

তিনি বলেন, বিশ্বের স্বনামধন্য বৈজ্ঞানিক জার্নালসমূহে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়া ও পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান একাডেমি ও সংস্থার সঙ্গেও তিনি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন এবং বৈজ্ঞানিক সহযোগিতা বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

তিনি আরো বলেন, অধ্যাপক শমশের আলী শুধুই গবেষক ও প্রশাসক ছিলেন না, একজন বিজ্ঞান-চিন্তাবিদও ছিলেন। তার আগ্রহের বৃহৎ ক্ষেত্রজুড়ে ছিল সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। একজন শিক্ষক, প্রশাসক ও বিজ্ঞানসংগ্রামী হিসেবে তিনি যেভাবে নিরলস পরিশ্রম করে গেছেন, তাতে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার ভিত মজবুত হয়েছে।

ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, ড. শমশের আলীর মধ্যে নেতৃত্বদানের সাংগঠনিক গুণাবলি ছিল।

বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য বিজ্ঞান ক্লাব আন্দোলন, বিজ্ঞানমেলা ইত্যাদি ক্ষেত্রে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহ জুগিয়েছেন এবং নানাভাবে সাহায্য করেছেন। তিনি সবসময় সচেষ্ট থেকেছেন তরুণদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার জন্য।

আরশাদ মোমেন বলেন, বিজ্ঞান গবেষক ও শিক্ষক ড. শমশের আলী ব্যক্তিমানুষ হিসেবেও ছিলেন অত্যন্ত মহানুভব। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অনুপ্রেরণা ও উৎসাহ দানের পাশাপাশি তিনি জ্ঞানার্জনকে আনন্দময় করে তুলতেন। বাংলাদেশে বিজ্ঞানচর্চার ইতিহাসে নিঃসন্দেহে তার নাম অমর হয়ে থাকবে।

লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন কবি হাসান হাফিজ, কবি শাহীন রেজা এবং কবি মাসুদুল হক।

বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করা হয়।

আগামীকাল মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে আয়োজন থাকবে স্মরণ: মুস্তাফা জামান আব্বাসী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শারমিনী আব্বাসী। আলোচনায় অংশ নেবেন আশরাফুজ্জামান বাবু।

সভাপতিত্ব করবেন ওয়াকিল আহমদ। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button