খেলা

নাপোলির প্রতি ‘পিঠ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়’, চিকিৎসা বিতর্কে লুকাকুর জবাব

 

মার্চ ২০২৬ (বাসস) : বেলজিয়ামের অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু সোমবার তার ক্লাবের পরিবর্তে নিজ দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন, যা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল।

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনজুরির কারণে চলতি মৌসুমে ম্যাচ খেলার সুযোগ একেবারেই পাননি। তবে তিনি বলেন, তার একমাত্র লক্ষ্য হলো নাপোলি এবং জাতীয় দলের সাফল্য।

ইনস্টাগ্রামে লুকাকু লেখেন, “এই মৌসুমটা আমার জন্য কঠিন ছিল, ইনজুরি এবং ব্যক্তিগত ক্ষতি (বাবার মৃত্যু) সামলাতে হয়েছে।”

তিনি আরও বলেন, “গত কয়েক দিনে আমার পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তাই বিষয়টি পরিষ্কার করা জরুরী। সত্যি বলতে কি, গত কয়েক সপ্তাহ আমি শারীরিকভাবে ভাল অনুভব করছিলাম না।

বেলজিয়ামে পরীক্ষা করালে জানা যায়, আমার হিপ ফ্লেক্সের মাংসপেশিতে প্রদাহ ও তরল জমেছে।”

ইনজুরিতে ভরা এই মৌসুমে লুকাকু গত মঙ্গলবার বেলজিয়ামের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন। যে কারনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি ছিলেন না। একইসাথে মেক্সিকোর বিপক্ষে পরবর্তী ম্যাচটিও মিস করবেন।

তিনি বলেন, “আমি বেলজিয়ামেই পুনর্বাসন করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি কখনোই নাপোলির প্রতি পিঠ ফিরিয়ে নিতে পারি না।”

ক্লাব ও সমর্থকদের সমালোচনার জবাবে তিনি বলেন, “ দলের হয়ে খেলতে এবং একইসাথে জিততে পারার চেয়ে বড় কিছু নেই। কিন্তু এখন আমাকে নিশ্চিত করতে হবে আমি শতভাগ সুস্থ। কারণ সম্প্রতি আমি তা ছিলাম না এবং এতে মানসিকভাবেও প্রভাব পড়েছে।”

বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুকাকু বলেন, “এই বছরটা কঠিন গেছে, কিন্তু আমি শুধু চাই সুস্থ হয়ে নাপোলি ও জাতীয় দলকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে।”

প্রাক-মৌসুমে উরুর চোটের কারনে তিনি জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারেননি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

এদিকে সিরি-এ শিরোপাধারী নাপোলি কঠিন সময় পার করছে এবং বর্তমানে লিগের শীর্ষ দল ইন্টার মিলানের থেকে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button