বিশেষ খবর

বগুড়া ও শেরপুরে ১১ এপ্রিল পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ

 

এপ্রিল, ২০২৬ (বাসস): নির্বাচন উপলক্ষে বগুড়া ও শেরপুর জেলায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল (বুধবার) মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য আসনের নির্বাচন-২০২৬ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র (কর্মরত সামরিক ও অসামরিক কর্মকর্তা ব্যতীত) বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এতে আরও বলা হয়, পূর্বে জমা দেওয়া যেসব অস্ত্র ফেরত নেওয়া হয়েছে, সেগুলো ৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে লাইসেন্সধারী নিজে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে তার স্থায়ী ঠিকানার থানা বা বর্তমান ঠিকানার নিকটস্থ থানায় জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো অস্ত্র বা গোলাবারুদ থানায় জমা না দিলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে মামলা করা হবে।

তবে যাদের আগ্নেয়াস্ত্র থানা, জেলা ট্রেজারি বা আর্মস ডিলারের কাছে জমা রয়েছে, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ আদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পাশাপাশি বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীরাও এর বাইরে থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘শৃঙ্খলা বাহিনী’ বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২-এ বর্ণিত বাহিনীকে বোঝানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button