খেলা

দ্বিতীয় জয়ের লক্ষ্যে কাল শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ

 

সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইন্দোনেশিয়াকে।

দুবাইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা মোস্তারি।

চার নম্বরে নামা স্বর্ণা আক্তারের ১৮ বলে ৩১ রানের অনবদ্য ইনিংসে সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়া।

বাংলাদেশের নাহিদা ১৫ রানে ৩টি ও মারুফা ৬ রানে ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন নাহিদা।

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আরও অনেক জায়গায় ভালো করার সুযোগ আমাদের ছিল। আমাদের সঠিক জায়গায় আরও বেশি বল করতে হবে। পরবর্তী ম্যাচের আগে আমরা সময় পাচ্ছি, তাই ভুলগুলো শুধরে নেব।’

তিনি আরও বলেন, ‘গত কয়েকটি এশিয়া কাপে আমাদের ফলাফল আশানুরূপ হয়নি, কিন্তু এবার আমরা পুরো পথ পাড়ি দিতে চাই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

এখন পর্যন্ত একবার এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া ২০১২ ও ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় টাইগ্রেসরা।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button