খেলা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

 

অক্টোবর ২০২৬ (বাসস) : পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এক দশকেরও বেশি সময় পর আগামী মাসে ইতালির তৃতীয় বিভাগের একটি ম্যাচে আবারও বুট পায়ে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো।

গত জুনে চমকপ্রদ এক সিদ্ধান্তে রাভেন্নার সঙ্গে চুক্তিবদ্ধ হন ৪৬ বছর বয়সী রোনালদিনহো। তবে এখনো সিরি ‘সি’-এর দলটির হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি।

শুক্রবার রাভেন্না ঘোষণা করেছে, আগামী ১৫ নভেম্বর স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফরলির বিপক্ষে ডার্বি ম্যাচে অভিষেক হবে রোনালদিনহোর। ২০১৫ সালে ফ্লামিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন তিনি।

এক বিবৃতিতে রাভেন্না জানায়, “এই আয়োজনের মাধ্যমে বিশ্বের নজর চলে আসবে স্তাদিও ব্রুনো বেনেল্লির দিকে।

পুরো ফুটবল বিশ্ব ভেবেছিল, খবরটি সত্যি হওয়ার মতো নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারছি এক মহা প্রত্যাবর্তনের কথা- জাদু, হাসি আর এমন এক প্রতিভার ফিরে আসা, যিনি দলীয় সমর্থন কিংবা ফুটবলের প্রতি আনুগত্য নির্বিশেষে প্রজন্মের পর প্রজন্মের ভক্তদের মুগ্ধ করেছেন।”

রেস্তোরা ব্র্যান্ড সিপ্রিয়ানির মালিক ইগ্নাজিও সিপ্রিয়ানি রাভেন্না ক্লাবটি পরিচালনা করেন। ব্রাজিলিয়ান এই তারকা যেন ক্লাবটির হয়ে নিজের ক্যারিয়ারের শেষ গোলটি করেন, সেটিই তাঁর স্বপ্ন বলে জানিয়েছেন তিনি।

মৌসুম শুরুর কিছুদিন আগে, গত আগস্টে সমুদ্রসৈকতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

রাভেন্না বিবৃতিতে আরও জানায়, “মিয়ামিতে ঘোষণার পর থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা- সবকিছু মিলিয়ে প্রত্যাশা বেড়েছে। উত্তেজনা, কৌতূহল আর অবিশ্বাসের মিশেলে সেই অপেক্ষা আরও তীব্র হয়েছে।

“ক্লাব সভাপতি সিপ্রিয়ানির যে স্বপ্ন সমর্থকদের কল্পনায় আলোড়ন তুলেছে এবং ইতালির সীমানা ছাড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছে, এবার তার বাস্তব রূপ পাওয়ার নির্দিষ্ট তারিখ এসেছে। রোনালদিনহো বেনেল্লি স্টেডিয়ামে খেলবেন, শুরু হবে এমন এক গল্পের নতুন অধ্যায়, যা বারবার সবাইকে বিস্মিত করে চলেছে।”

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলার পর এবার দ্বিতীয়বারের মতো ইতালিতে ফিরছেন রোনালদিনহো। তাঁর বর্ণাঢ্য, শিরোপাসমৃদ্ধ ক্যারিয়ারে ছিল পিএসজি ও বার্সেলোনার হয়ে খেলার অভিজ্ঞতাও। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে ব্যালন ডি’অরও জিতেছিলেন তিনি।

রাভেন্না বিবৃতিতে বলেছে, “কিছু ফুটবলার তাঁদের জয়ের জন্য স্মরণীয় হয়ে থাকেন। আবার কেউ কেউ স্মরণীয় হন তাঁরা মানুষকে কেমন অনুভূতি দিয়েছেন, তার জন্যও। রোনালদিনহো সেই বিরল প্রজাতির চ্যাম্পিয়নদের একজন, যাঁরা ফুটবলকে নির্মল আনন্দে পরিণত করতে পারেন- অপ্রত্যাশিত কোনো কৌশল, সৃজনশীলতার ঝলক কিংবা এমন এক হাসির মাধ্যমে, যা স্টেডিয়াম ও প্রজন্মের ব্যবধান ঘুচিয়ে দেয়।”
ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে তিনটি গ্রুপে বিভক্ত সিরি ‘সি’-তে নিজেদের গ্রুপে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে রাভেন্না।

দীর্ঘ বিবৃতির শেষে ক্লাবটি লিখেছে, “অপেক্ষার অবসান প্রায়। জাদু আবারও মাঠে ফিরছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button