শীর্ষ নিউজ

পটুয়াখালীর পায়রাকুঞ্জে ইয়াবা ও অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

 

২৬ জুন, ২০২৫ (বাসস) : পটুয়াখালীর পায়রাকুঞ্জে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৫৪ পিস ইয়াবা এবং ১টি দেশীয় অস্ত্রসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার ভোররাত ৩টায় কোস্ট গার্ড স্টেশনের পটুয়াখালীর পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, অভিযান চলাকালীন ওই এলাকায় জনৈক মো. শাহিন হাওলাদারের (৩৪) গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে আভিযানিক দল ওই ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৭৭ হাজার টাকা মূল্যের ১৫৪ পিস ইয়াবাসহ আটক করে।

হারুন-অর-রশীদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী দুপুর ৩টায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে  ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবা ও ১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে, বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে।

তিনি বলেন, মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button