শীর্ষ নিউজ

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজের সঙ্গে চীনের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন এন্ড কো-অপারেশন (সিএলইসি)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ শনিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং বাংলাদেশ-চায়না অ্যালামনাই অ্যাসোসিয়েশন (অ্যাবকা)-এর সহসভাপতি ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও অ্যাবকা’র সাধারণ সম্পাদক ড. মো. সাহাবুল হকসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় সিএলইসি’র সাত-সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর কিয়ান তিয়ানকি। তিনি বলেন, চীনের অর্থনীতি এবং প্রযুক্তিগত উন্নয়নে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদার করতে বিশ্বে চীনা ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ১৯০টি দেশে চীনা ভাষা পড়ানো হচ্ছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে চীনা ভাষা শেখার ব্যাপক আগ্রহ রয়েছে। চীনে পড়াশোনা এবং উচ্চ-বেতনে চাকরির ক্ষেত্রে ভাষা দক্ষতা সহায়ক হবে বলে তিনি জানান।

কিয়ান তিয়ানকি আরও বলেন, চীনা ভাষা শিক্ষা ও সংস্কৃতি প্রসারে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। তিনি এ দেশের বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা মেজর কোর্স হিসেবে চালু করার বিষয়ে ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করেন। এক্ষেত্রে বাংলাদেশের দক্ষ শিক্ষকদের সহযোগিতায় চীনা ভাষা শিক্ষা দেওয়ার প্রস্তাব করেন তিনি। চীনা ভাষা শিক্ষা ও সংস্কৃতির প্রসারে শিগগিরই ইউজিসির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ে চীনের ভাষা শিক্ষার প্রস্তাব অত্যন্ত ইতিবাচক। চীনের এ প্রস্তাব বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে শিগগির আলোচনা করবেন বলে জানান। তিনি চীনের প্রতিনিধি দলকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে বৃত্তির সুযোগ-সুবিধা বৃদ্ধি, যৌথ ডিগ্রি, গবেষণা পরিচালনা এবং চীনে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। চীনের সাথে সম্পর্ক বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে তিনি প্রতিনিধি দলকে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান সিএলইসি আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার একটি অলাভজনক ও পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান। এটি আন্তঃসাংস্কৃতিক শিক্ষার প্রসারে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button