রাজনীতিশীর্ষ নিউজ

জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম

 

অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জনগণের ওপর আস্থা রেখেই বিএনপি নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে চায়।

বুধবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি আয়োজিত জনসভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘জনগণ কখনো ভুল করে না। অতীতেও জনগণ স্বাধীনভাবে ভোট দিলে বিএনপিকেই বেছে নিয়েছে। এবারও জনগণ আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাটাই সরকারের প্রধান কাজ। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। জনগণ যদি বিএনপিকে বিজয়ী করে, তবে ৩১ দফা রূপরেখা অনুযায়ী সব দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামতের কাজ শুরু করব।’

আবদুস সালাম আরও বলেন, ‘৩১ দফা শুধু বিএনপির দলীয় নথি নয়—এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের কর্মপরিকল্পনা। জনগণের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়।’

সরকারের দমননীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ আমাদের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালালেও আমরা রাজনৈতিক সহনশীলতা বজায় রেখেছি। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বিএনপির পক্ষ থেকে শতভাগ সহযোগিতা থাকবে।’

সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা, নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, জেলা সদস্য গোলাম মোস্তফা মামুন এবং আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button