খেলা

চট্টগ্রামের হয়ে বিপিএলে খেলবেন কামরান ও ডেলপোর্ট

 

ডিসেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলবেন পাকিস্তানের কামরান গুলাম এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্ট।

পাকিস্তানের টি-টোয়েন্টিতে অভিষেক না হলেও, দেশের হয়ে ৬ টেস্ট ও ১১টি ওয়ানডে খেলেছেন ৩০ বছর বয়সী কামরান। তবে ঘরোয়া টি-টোয়েন্টিতে ব্যাট-বল হাতে নিজের জাত চিনিয়েছেন তিনি। ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরিতে  ১২৯.১৫ স্ট্রাইক রেটে ১৮৩৪ রান করেছেন কামরান। বল হাতে ৩৫টি উইকেটও নিয়েছেন তিনি। বিপিএল দিয়ে প্রথমবারের মত বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবেন কামরান।

এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ডেলপোর্টের। তবে সারাবিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ তিনি। বিপিএল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলে থাকেন এই ব্যাটার।

এর আগে বিপিএলে চারটি ভিন্ন দলের হয়ে খেলেছেন ডেলপোর্ট। বিপিএলে ৩১ ম্যাচ খেলে ৪টি হাফ-সেঞ্চুরিতে ১৪২.৬০ স্ট্রাইক রেটে ৬৩৬ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

সব মিলিয়ে ২৭৮ টি-টোয়েন্টি ম্যাচে ৫ শতক ও ৩২ অর্ধশতকে ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে ৬,২৯০ রান আছে ডেলপোর্টের। দলের প্রয়োজনে বলও করতে পারেন তিনি। ৭১ উইকেট শিকার করেছেন এই মিডিয়াম পেসার।

চট্টগ্রাম রয়্যালস দল :

স্থানীয় খেলোয়াড় : মাহেদী হাসান, তানভীর ইসলাম, নাইম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, শুভাগত হোম, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান।

বিদেশী খেলোয়াড় : আবরার আহমেদ (পাকিস্তান), নিরোশান ডিকবেলা (শ্রীলংকা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলংকা), পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), কামরান গুলাম (পাকিস্তান)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button