বিশ্বসংগঠন সংবাদ
সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর

সৌদিআরব : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা ও মানবিক সংকটের মধ্যেই সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার (২১ মার্চ) ফজরের নামাজ আদায়ের পরপরই দলবেধে ঈদের জামাতে অংশ নিতে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা।
মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদে ঈদের প্রধান জামাত পবিত্র মক্কা হারাম শরীফে ও মদিনায় মাসজিদুল নববীতে সকাল ৬টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করেন সৌদি গ্র্যান্ড মুফতি।
জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির এবং শেখ। নামাজ শেষে চিরাচরিত নিয়ম অনুযায়ী একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ফজরের নামাজ আদায়ের পর মুসুল্লিরা ঈদের নামাজের আগ পর্যন্ত মসজিদের ভেতরেই জিকিরে মগ্ন থাকেন।
প্রবাসে ঈদের অনুভুতি কেমন জানতে চাইলে তরুণ প্রবাসী কামরুল হক রিপন বলেন, প্রবাসে ঈদের আনন্দ বলতে কিছু নেই, বন্ধুদের সঙ্গে ঈদের নামাজ পড়ে আসার পর ঘুম ছাড়া আর কিছুই নেই। ঘুম থেকে উঠে দেশে ফোন করে পরিবার পরিজনের সঙ্গে কথা বলা।
এদিকে, ঈদুল ফিতর উদযাপনের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার।
এই দিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতেও আতঙ্ক থাকলেও কড়া নিরাপত্তা ও সতর্কতার সাথে এবার ঈদ পালন করা হচ্ছে। তবে দেশটির পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মক্কা, মদিনা ও জেদ্দায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুরুর দিকে কিছুটা আতঙ্ক থাকলেও এখন তা অনেক কমে এসেছে।
পূর্বাঞ্চলের এলাকাগুলোতে আতঙ্কের পরিবেশ আছে, বিশেষ করে যেসব এলাকা উপসাগরের তীরবর্তী। সৌদির রাজধানী রিয়াদেও বাড়তি সতর্কতা সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।




