অর্থ ও বাণিজ্যশীর্ষ নিউজ

নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল ৩ মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

 

১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বন্ধ থাকা শিল্পকারখানা পুনরায় চালু করা সরকারের নির্বাচনি ইশতেহারের লক্ষ্য। এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে বন্ধ টেক্সটাইল ও পাটকল চালুর উদ্যোগ নিয়ে দ্রুততার সঙ্গে কাজ করছে।

গতকাল দিনাজপুর এবং নীলফামারীতে টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের বন্ধ থাকা জুট ও টেক্সটাইল মিলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র করা হয়েছে, আরও ভালো বিনিয়োগকারীও পাওয়া যাচ্ছে। আশা করছি, দুই থেকে তিন মাসের মধ্যেই মিলটি আবারও চালু হবে এবং স্থানীয়দের কর্মসংস্থান হবে। দিনাজপুরের টেক্সটাইল মিলও খুব দ্রুতই চালু করা হবে।

শরীফুল আলম বলেন, সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে হবে, সেজন্য কাজ করতে হবে। কৃষকরা পাটের ন্যায্যমূল্য যেন পায়, সেজন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া প্লাস্টিকের পরিবর্তে পাটের পণ্য ব্যবহারে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি ও যুগ্মসচিব জহিরুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার ফয়জুল ইসলাম; বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশনের (বিটিএমসি) পরিচালক এইচ এম নুরুল ইসলাম ও মুখ্য পরিচালন কর্মকর্তা কাজী ফিরোজ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জে অবস্থিত হস্ত ও কুটির শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’ পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button