খেলা

বাংলাদেশের মাটিতে সিরিজ জয় হবে বিশাল ব্যাপার : স্মিথ

 

এপ্রিল ২০২৬ (বাসস) : প্রথম ওয়ানডে জিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও জয় পেলে সিরিজ জিতবে কিউইরা। বাংলাদেশের কন্ডিশনে সিরিজ জিততে পারলে নিউজিল্যান্ডের জন্য বিশাল ব্যাপার হবে বলে মনে করেন কিউই পেসার ন্যাথান স্মিথ।

বোলারদের দারুণ নৈপুন্যে প্রথম ওয়ানডেতে ২৬ রানের জয় পায় কিউইরা। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে নিউজিল্যান্ড।

দ্বিতীয় ওয়ানডের আগে আজ সংবাদমাধ্যমকে স্মিথ বলেন, ‘সিরিজ জিততে পারলে এটা বিশাল ব্যাপার হবে। আমরা বিদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে চাই। এই মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেটে শক্তির গভীরতা অনেক। এখানকার সাফল্য দলকে সামনে এগিয়ে যেতে আত্মবিশ্বাসী করে তুলবে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি টস গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে লক্ষ্য ছুঁড়ে দিয়ে চাপে রাখাই সঠিক সিদ্ধান্ত হবে।’

টস কেন গুরুত্বপূর্ণ সেই ব্যাখাও দিয়েছেন স্মিথ। তার মতে, এই তীব্র গরমে প্রথমে ফিল্ডিং করাটা কঠিন। যা পরবর্তীতে ব্যাটিংকে প্রভাবিত করে।

তিনি বলেন, ‘এই গরমে প্রথমে বোলিং করাটা অনেক বেশি কঠিন। কাজের চাপ সামলানোর জন্য ছোট ছোট স্পেল এবং দলীয় বোঝাপড়াই হবে মূল চাবিকাঠি।’

দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলে বাংলাদেশের মাটিতে টানা দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজ জিতবে নিউজিল্যান্ড। ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। যা ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম সিরিজ জয় ছিল।

প্রথম ম্যাচের মতই একইরকম উইকেট প্রত্যাশা করছেন স্মিথ। তবে উইকেট নিয়ে সতর্ক করেছেন তিনি। স্মিথ জানান, ম্যাচ যত এগোবে উইকেট তত কঠিন হয়ে উঠতে পারে।

তিনি বলেন, ‘সূর্যের তাপে উইকেট উত্তপ্ত হয়ে উঠছে। এজন্য এটি ভাঙতে শুরু করেছে। আলো জ্বলে ওঠার আগেই উইকেটে ফাটল দেখা দিতে শুরু করে। আমি নিশ্চিত নই দিনের আলোর কারণে, নাকি শুধু সূর্যের তাপে উইকেট উত্তপ্ত হয়ে উঠছে। তবে এতে অবশ্যই পরিবর্তন আসে। এখন দেখতে হবে দ্বিতীয় ম্যাচে উইকেট কেমন আচরণ করে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button