বেনাপোলে ভ্যানের ছিটের নিচ থেকে স্বর্নবার উদ্ধার

মালিক উজ জামান, যশোর : যশোরের বেনাপোলের আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে একটি ভ্যানের ছিটের নিচ থেকে নয়টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় ভ্যান চালক পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১ টায়। উদ্ধারকৃত এককেজী সোনার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, রাতে খবর পান ওই এলাকায় সোনা পাচারকারী চক্রের সদস্যরা অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে বিশেষ অভিযানে নামে বিজিবি সদস্যরা। এমন সময় একটি ভ্যান যেতে দেখে তাদের সন্দেহ হয়। ওই ভ্যান চালককে থামানোর জন্য বলা হলে সে ভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ভ্যানটি তল্লাশি করে সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় নয়টি সোনার বার উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, পলাতক ভ্যানচালক শার্শা উপজেলার বাঁগআচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে মিলন ওরফে ছোট বাবু। তিনি আরও জানান, ছোটবাবু কে আটকে তারা অভিযান অব্যাহত রেখেছেন।




