চট্টগ্রামবিশেষ খবর

আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

 

সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে গেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে সোমবার রাত ১১টায় চমেক হাসপাতালে যান তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেসময় আহতদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান এবং সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার বিষয়ে তাদের আশ্বস্ত করেন। এছাড়াও আহতদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনাও দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে এ ধরনের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এটিকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোন চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের আইনশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।

এসময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা দু’দিনের সরকারি সফরে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button