খেলা

২০২৮ অলিম্পিকের ফুটবল ইভেন্টের ৬টি ভেন্যুর নাম ঘোষনা

ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের (এলএ২৮) স্থানীয় আয়োজক সংস্থা মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে ছয়টি স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে, যেখানে পুরুষ ও নারী অলিম্পিক ফুটবল ইভেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর ফলে প্রতিযোগিতার পরিসর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গন্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হলো।

এলএ২৮ জানায়, গ্রুপ পর্ব ও নকআউট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিউইয়র্ক, কলম্বাস, ন্যাশভিল, সেন্ট লুইস, সান হোসে ও সান দিয়েগোতে।

ভেন্যুগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাবের একটি নির্মাণাধীন স্টেডিয়াম, যা ২০২৭ সালে সম্পন্ন হওয়ার কথা, পাশাপাশি ওহাইও, টেনেসি, মিসৌরি ও নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রতিষ্ঠিত মেজর লিগ সকার (এমএলএস) স্টেডিয়ামগুলো।

পুরুষ ও নারী উভয় বিভাগের স্বর্ণপদক ম্যাচসহ চূড়ান্ত পর্বের ম্যাচগুলো আগেই পাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন পুরুষদের ফাইনাল হবে ২৮ জুলাই এবং নারীদের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুলাই।

এলএ২৮ আরো জানায়, অ্যাথলেটদের কল্যাণ নিশ্চিত করতে ও ভ্রমণ কমানোর লক্ষ্যে তারা এমনভাবে সূচি তৈরি করেছে, যাতে পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত একই সময়ে ম্যাচ আয়োজন করা যায়। এতে ভক্তরাও আরও ভৌগোলিকভাবে অন্তর্ভুক্তিমূলক অলিম্পিকের অভিজ্ঞতা পাবেন।

আয়োজকরা অলিম্পিক ফুটবলে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের কথাও তুলে ধরেন। প্রথমবারের মতো এবার পুরুষ দলের (১২টি) তুলনায় বেশি নারী দল (১৬টি) প্রতিযোগিতায় অংশ নেবে।

এটি এমন প্রথম অলিম্পিক আয়োজনের মানদন্ড স্থাপন করতে চায়, যেখানে সব দলগত খেলায় নারীদের দলের সংখ্যা পুরুষদের সমান বা তার বেশি হবে।

দুটি বিভাগের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি, প্রতিটি ম্যাচের তারিখ ও ভেন্যু এপ্রিল মাসে টিকিট বিক্রি শুরুর আগেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে এলএ২৮।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button