খেলা

জয়ের লক্ষ্য নিয়ে কাল মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড

 

ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে গ্রুপ-২’এ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।

প্রথম ম্যাচে ইংল্যান্ড জয় পেলেও, বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে পাকিস্তানকে। তাই সুপার এইটে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া পাকিস্তান। ইংল্যান্ডের লক্ষ্য টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া।

শ্রীলংকার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড।

গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইটে নাম লেখায় পাকিস্তান। সুপার এইট পর্বে গ্রুপ-২’এ নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। টস হবার পর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এতে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল।

সেমিফাইনালের দৌড়ে ভালভাবে টিকে থাকতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মরিয়া পাকিস্তান। দলের অধিনায়ক সালমান আগা বলেন, ‘প্রথম ম্যাচ থেকে আমরা ১ পয়েন্ট পেয়েছি। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে আমাদের। হেরে গেলে আমরা চাপে পড়ে যাব। তখন অন্যান্য দলের জয়-হারের সাথে আমাদের শেষ ম্যাচ নিয়েও অনেক সমীকরণ কষতে হবে।’

দুর্দান্ত জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করে ইংল্যান্ড। স্বাগতিক শ্রীলংকাকে ৫১ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে ওপেনার ফিল সল্টের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে ইংল্যান্ড। ৪০ বলে ৬২ রান করেন সল্ট।

১৪৭ রানের পুঁজি নিয়ে শ্রীলংকার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেয় ইংল্যান্ডের বোলাররা। উইল জ্যাকস ও জোফরা আর্চারদের বোলিং তোপে ১৬.৪ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। জ্যাকস ৩টি, আর্চার-লিয়াম ডসন ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে পাকিস্তানের বিপক্ষেও পূর্ণ ২ পয়েন্ট লক্ষ্য ইংল্যান্ডের। টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথ সহজ করতে চায় ইংলিশরা। ১৪ বলে ২১ রান এবং ২২ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ সেরা হওয়া জ্যাকস বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমাদের ব্যাটারদের জ্বলে উঠতে হবে এবং দলকে বড় সংগ্রহ এনে দিতে হবে। যাতে বোলাররা লড়াই করতে পারে। প্রতিদিন তো আর বোলাররা ম্যাচ জেতাবে না। পাকিস্তানের বিপক্ষে জিততে হলে, বোলারদের সাথে ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে।’

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাল্লা ভারী ইংল্যান্ডের দিকে। পাকিস্তানের বিপক্ষে ৩১ ম্যাচ খেলে ২০টিতে জিতেছে ইংলিশরা। ৯টিতে জয় পেয়েছে পাকিস্তান। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। ২০১৫ সালে শারজাহতে টাই হওয়া ম্যাচটি সুপার ওভারে জিতেছিল ইংল্যান্ড।

২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড।

পাকিস্তান দল : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফা, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

ইংল্যান্ড দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button