বিশেষ খবর

ডিজেলচালিত বাস ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি

সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ডিজেলের মূল্যবৃদ্ধি ও বাস পরিচালনার বর্তমান ব্যয় বিবেচনায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ বিষয়ে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এ দেওয়া ক্ষমতাবলে সরকার এ ভাড়া পুনর্নির্ধারণ করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষর করেন।

নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীদের ক্ষেত্রেও নির্ধারিত সর্বনিম্ন ভাড়া প্রযোজ্য হবে।

তবে নতুন ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ বর্ধিত ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসনসংখ্যা পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে।

এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষকে বিআরটিএ’র যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক হারে ভাড়ার অনুমোদন নিতে হবে।

নতুন ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে যাত্রীরা সংশ্লিষ্ট রুটের অনুমোদিত ভাড়া সম্পর্কে সহজেই জানতে পারবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ২৩ এপ্রিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যে ভাড়া নির্ধারণ করেছিল, তার সঙ্গে সমন্বয় করে এবার নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর ফলে মহানগরীর বাস, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাস এবং ডিটিসিএভুক্ত এলাকার বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বেড়েছে।

সংশ্লিষ্টরা জানান, জ্বালানি ব্যয়ের পাশাপাশি বাস পরিচালনায় রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, শ্রমিকের মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয় রয়েছে। এসব ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কোনো পরিবহন মালিক, চালক বা সংশ্লিষ্ট ব্যক্তি অনুমোদিত ভাড়ার বেশি আদায় করলে তা আইনানুগ ব্যবস্থার আওতায় আসতে পারে।

নতুন ভাড়া বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, ডিটিসিএ, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), পুলিশ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button