চট্টগ্রামশীর্ষ নিউজ

খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে আরেক দফা বদলি করে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়েছিল।
পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে তাঁকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়নের কথা বলা হয়েছে। আদেশ অনুযায়ী, ১০ অক্টোবরের মধ্যে তাঁকে সিএমপি থেকে অবমুক্তির আদেশ নিতে হবে। অন্যথায় ১১ অক্টোবর থেকে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
গত ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তর থেকে তাঁর নতুন বদলির আদেশ জারি করা হয়। তবে বদলির কাগজপত্র সিএমপি সদর দপ্তরে পৌঁছানোর পর শনিবার (১০ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়। আদেশের একটি অনুলিপি পাওয়া গেছে।
পুলিশের তালিকাভুক্ত অপরাধী হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারের চেষ্টা নিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন ও নগর পুলিশের মধ্যে টানাপোড়েনের খবরের মধ্যেই আবদুর রহিমের এই বদলি হলো।
গত ৭ অক্টোবর ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়ে পুলিশের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলেন মেয়র। পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মেয়রের সমালোচনার কয়েক ঘণ্টার মধ্যেই আবদুর রহিমকে খুলশী থানা থেকে সিটিএসবিতে বদলি করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ওয়াকিল হোসেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বগা বা বিহারি বগা নামেও পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি, মাদকসংক্রান্ত অপরাধ ও মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২১টির বেশি মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button