রেকর্ড আয় ও সদস্যসংখ্যার ঘোষণা বায়ার্ন মিউনিখের

নভেম্বর, ২০২৬ (বাসস) : ২০২৫-২৬ মৌসুমে ৯৮ কোটি ৮২ লাখ ইউরো (১০৮ কোটি ৩০ লাখ ডলার) রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ। একই সঙ্গে সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে প্রথম ফুটবল ক্লাব হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছে জার্মান জায়ান্টরা।
শনিবার মিউনিখে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। গত মৌসুমে বায়ার্নের আয় আগের মৌসুমের তুলনায় প্রায় এক কোটি ইউরো বেশি।
তবে কর দেওয়ার আগের মুনাফা কিছুটা কমে হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ইউরো। আগের মৌসুমে এই অঙ্ক ছিল ৪ কোটি ২৫ লাখ ইউরো।
প্রথমবারের মতো সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়ানোর মধ্য দিয়ে বিশ্বজুড়ে যেকোনো ক্রীড়া সংগঠনের মধ্যে সর্বোচ্চ সদস্যের রেকর্ড গড়েছে বায়ার্ন। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোট দেওয়ার অধিকার রয়েছে।
গত ১২ বছরে বায়ার্নের সদস্যসংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালে সদস্য ছিল আড়াই লাখ, এ বছর তা বেড়ে পাঁচ লাখে পৌঁছেছে।
২০২৫-২৬ মৌসুমে লিগ ও কাপ দুই শিরোপাই জিতেছে বায়ার্ন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছে তারা।
ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল জার্মান জায়ান্টরা। সেখানে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া প্যারিস সেন্ট জার্মেইর কাছে হেরে বিদায় নেয় তারা।
বায়ার্নের নারী দলও ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে পুরুষ দলের সাফল্যের পুনরাবৃত্তিও করে তারা। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।
ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন বলেন, ‘আমরা আরও একটি রেকর্ড গড়া বছর পার করেছি। এটি প্রমাণ করে, আমাদের ক্লাবের ভিত্তি অত্যন্ত মজবুত। নিজেদের দলগুলোর ক্রীড়াসাফল্যের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’
৩৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের ৭০ শতাংশ মালিকানা ক্লাবের সদস্যদের হাতে। জার্মানির নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা থাকতে হয় সদস্য বা সমর্থকদের হাতে; বায়ার্নের ক্ষেত্রে এই হার প্রয়োজনীয় ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি।
বাকি ৩০ শতাংশ মালিকানা জার্মানির চারটি প্রতিষ্ঠান- অ্যাডিডাস, অডি, আলিয়াঞ্জ ও ভিসম্যানের হাতে। প্রতিষ্ঠানগুলোর সবগুলোরই বাভারিয়া অঞ্চলে শিকড় রয়েছে।




