চা-বিরতিতে ৩ উইকেটে ১৭৭ রান বাংলাদেশের, শাদমানের অপরাজিত ৭৯

অক্টোবর, ২০২৬ (বাসস) : ওপেনার শাদমান ইসলামের দৃঢ় অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন চা-বিরতিতে ৩ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে দিনের দ্বিতীয় বিরতিতে ৭৯ রানে অপরাজিত থেকে শতকের পথে রয়েছেন শাদমান। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন তাওহীদ হৃদয়, যিনি করেছেন ৩৬ রান।
চতুর্থ উইকেটে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়েছেন তাঁরা।
মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ মাত্র একটি উইকেট হারিয়েছে। ফলে স্বাগতিকদের ব্যাটিংয়ে খুব একটা অসুবিধা তৈরী করার সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরপরই ছন্দে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের নতুন বলের দুই বোলার জেইডেন সিলেস ও শামার জোসেফ। অফ স্টাম্পের আশপাশে নিয়ন্ত্রিত লাইন-লেংথে বল করে শাদমান ও তাঁর ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিমকে অস্বস্তিতে ফেলেন তাঁরা।
তাদের ধারাবাহিক আক্রমণে শেষ পর্যন্ত ফাঁদে পা দেন তানজিদ। অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ৭ রান করে বিদায় নেন এই ওপেনার।
তবে শাদমান অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করার প্রবণতা সংযত রেখে উইকেট আগলে রাখেন। সিলেস ও জোসেফের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে ধৈর্য ধরে ব্যাট করেন তিনি।
একই ধৈর্যের পরিচয় দেন মুমিনুল হকও। দুজনের জুটিতে রান এগিয়ে নিতে থাকে বাংলাদেশ।
তবে এক মুহূর্তের অসতর্কতায় উইকেট হারান মুমিনুল। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলে ব্যাট চালিয়ে মিড-অফে ক্যাচ দেন তিনি। এতে শাদমানের সঙ্গে তাঁর ৫৯ রানের জুটির সমাপ্তি ঘটে।
বিদায়ের আগে ৫১ বলে দুটি চারের সাহায্যে ২৮ রান করেন মুমিনুল।
এরপর সফল রিভিউয়ের মাধ্যমে লেগ বিফোরের ফাঁদে ফেলে শান্তকেও ফিরিয়ে দেন ওয়ারিকান। ১৯ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক।
অন্যদিকে, লেগ-স্কয়ার অঞ্চলে এক রান নেওয়ার জন্য ব্যাকফুটে পুল করে ৯৫ বলে নিজের দশম এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন শাদমান।
হৃদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের চাপে রাখছেন তিনি। এই জুটিই এখন পর্যন্ত বাংলাদেশকে ম্যাচে এগিয়ে রেখেছে।




