খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি

অক্টোবর ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিংয়ের চোটে প্রসিধ কৃষ্ণা ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের দলে পেসার আকিব নবিকে অন্তর্ভুক্ত করেছে ভারত।

ডানহাতি এই পেসারকে শুরুতে সিরিজের চতুর্থ ও পঞ্চম ওয়ানডে দলে রাখা হয়েছিল। এবার প্রথম তিন ম্যাচের দলেও তাঁকে যুক্ত করা হয়েছে।

বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চলতে থাকায় এক দিন আগেই পুরো সিরিজ থেকে ছিটকে যান কৃষ্ণা।

এখন পর্যন্ত ভারতের হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নবি। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তাঁর অভিষেক হয়। তবে সেই ম্যাচে ১০ ওভার বোলিং করে কোনো উইকেট না নিয়ে ৮৪ রান দেন তিনি।

২৬ বছর বয়সী নবি বর্তমানে ভারতের ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ডে রয়েছেন। সেখানে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিশিয়াল টেস্টে খেলে ৬ উইকেট নিয়েছেন।

এদিকে ওয়ানডে সিরিজ চলাকালে তৃতীয় আনঅফিশিয়াল টেস্টের জন্য ভারত ‘এ’ দলে যোগ দেওয়ার কথা রয়েছে কৃষ্ণার।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য প্রয়োজনীয় বোলিংয়ের কাজের চাপ সামলে নিতে কৃষ্ণার আরও সময় দরকার।

বোর্ড আরও জানিয়েছিল, ওয়ানডে সিরিজে না খেললেও তিনি ম্যাচ খেলার অনুশীলন করতে পারবেন এবং পরবর্তী টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে পারবেন।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর ১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডের জন্য ভারতের পরিবর্তিত দল :

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, নামান ধীর, অংশুল কাম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ঈশান কিষান (উইকেটরক্ষক), মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি (শুধু প্রথম ওয়ানডে) ও আকিব নবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য ভারত দল :

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঈশান কিষান (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, নামান ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button