অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

ফ্যামিলি কার্ডে ফিরছে স্বস্তি, সংসারে বাড়ছে নারীদের অবদান

 

নভেম্বর, ২০২৬ (বাসস): বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। সংসারে একসময় নিত্যসঙ্গী ছিল অভাব আর দুশ্চিন্তা। তিন ছেলের লেখাপড়া আর সংসার চালানো নিয়ে হিমশিম খাওয়া সেই পরিবারটিতে এখন বইছে স্বস্তির হাওয়া। সরকারের দেওয়া ‘ফ্যামিলি কার্ডে’র সুবাদে কেবল সংসারের টানাটানিই দূর হয়নি, বরং প্রতি মাসে পাওয়া আড়াই হাজার টাকায় স্ত্রী সুফিয়া বেগমের হাত ধরে শুরু হয়েছে হাঁস-মুরগি ও কবুতর পালনের মতো নতুন স্বপ্নপূরণের যাত্রা।

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের এই বাসিন্দার সংসারে এখন অনেকটা স্বস্তি ফিরেছে। প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা পাচ্ছেন সুফিয়া বেগম। স্বামীর আয় না থাকলেও সংসার চালাতে আগের মতো আর তেমন কষ্ট  হচ্ছে না।

গত পাঁচ মাসে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে হাঁস-মুরগির বাচ্চা কিনেছেন সুফিয়া বেগম। সেগুলো বড় হচ্ছে। কবুতর পালনের জন্য ঘরও তৈরি করেছেন। আগামী মাসে কবুতর কেনার পরিকল্পনা রয়েছে তার।

সুফিয়া বেগম বলেন, ‘সরকারের দেওয়া টাকায় হাঁস-মুরগি কিনছি। বাচ্চাদের পড়ালেখার খরচ চালাচ্ছি। প্রধানমন্ত্রীকে সামনে পেলে একটু ভালো করে ধন্যবাদ জানাতে পারতাম।’

শুধু সুফিয়া বেগমের সংসারেই এই পরিবর্তন নয়, ফ্যামিল কার্ডের মাধ্যমে সরকারের এই নিয়মিত সহায়তায় বদলে যাচ্ছে ওই এলাকার অনেক নারীর জীবন। সংসারে স্বামীর অনিয়মিত আয় কিংবা অসুস্থতার ধাক্কা সামলে এই নারীরা এখন সন্তানদের পড়াশোনা, ঋণের কিস্তি পরিশোধ এবং নিজেদের ছোটখাটো প্রয়োজন মেটানোর পাশাপাশি নিজেদের গড়ে তুলছেন আত্মনির্ভরশীল হিসেবে।

গত ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান পাইলট কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই দিন চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২টি পরিবারের নারীদের হাতে কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সে দিনই উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় আড়াই হাজার টাকা করে।

সংসারের খরচের পাশাপাশি বাড়তি আয়ের চেষ্টা

একই ওয়ার্ডের মধ্যপাড়ার মেহেরুন নেসার (৩৫) সংসারেও এই অর্থ নতুন সম্ভাবনা তৈরি হয়েছে । তার স্বামী সিরাজুল ইসলাম পিকআপ ভ্যান চালান। সব সময় কাজ থাকে না। নিজেদের ছোট্ট ভিটেবাড়ি ছাড়া আর কোনো সম্পদও নেই। সংসারের খাবারের খরচ মেটানো গেলেও দুই সন্তানের পড়াশোনার ব্যয় জোগাতে কষ্ট হতো।

ফ্যামিলি কার্ডের অর্থের একটি অংশ দিয়ে ছয়টি টাইগার জাতের মুরগির বাচ্চা কিনেছেন তিনি। এখন প্রতিটির ওজন দুই কেজির বেশি। প্রতি কেজি মুরগির দাম ৬০০ টাকা বলে জানান তিনি। কিছু টাকা দিয়ে কবুতরের ঘরও তৈরি করেছেন।

মেহেরুন বলেন, ‘ফ্যামিলি কার্ডের কিছু টাকা ছেলে-মেয়ের লেখাপড়ার খরচে ব্যয় করার পর বাকি টাকা দিয়ে বাড়তি কিছু আয়ের পথ তৈরি করছি।’

মধ্যপাড়ার নাসিমা আক্তারের (৩০) সংসারেও স্বামীর অনিয়মিত আয় ছিল বড় সমস্যা। তার স্বামী রকিবুল ইসলাম পিকআপ ভ্যান চালান। ভাড়া নিয়ে বাইরে গেলে সাত-আট দিন বাড়িতে ফিরতে পারেন না। তখন সংসারের খরচ ও দুই ছেলের পড়াশোনার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ত।

নাসিমা বলেন, ‘এখন আর আগের মতো সমস্যা হয় না। ফ্যামিলি কার্ডের টাকায় বাচ্চাদের লেখাপড়ার খরচ চালানোর পর নিজের হাতখরচও করতে পারছি। আমরা খুব খুশি।’

অসুস্থ স্বামীর সংসারে নিয়মিত সহায়তা

মধ্যপাড়ার রাজিয়া সুলতানার (৩০) সংসারে এই অর্থের গুরুত্ব আরও বেশি। তার স্বামী রনি হোসেন আগে পিকআপ ভ্যান চালাতেন। দুই বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার শরীরের এক অংশ অচল হয়ে যায়। বন্ধ হয়ে যায় উপার্জনও।

স্বামীর ওষুধ, মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন রাজিয়া। আত্মীয়স্বজনের সহায়তা নিয়েও ধারদেনায় জড়াতে হয় তাকে। এখন ফ্যামিলি কার্ডের অর্থ নিয়মিত সহায়তা জোগাচ্ছে।

রাজিয়া বলেন, ‘আমাদের সংসারের কোনো আয় ছিল না। আলহামদুলিল্লাহ, মাস শেষে নিশ্চিত একটা টাকা পাচ্ছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই।’

রনি হোসেন বলেন, ‘আমার শরীরের এক পাশে কোনো শক্তি পাই না। ফ্যামিলি কার্ড আমার সংসারটারে বাঁচিয়ে দিয়েছে।’

ঋণের কিস্তি ও পড়াশোনার খরচ মেটানো

বর্মণপাড়ার লক্ষ্মী রানী বিশ্বাসের (৫০) সংসারে অভাবের সঙ্গে লড়াই দীর্ঘদিনের। তার স্বামী মৃত্যুঞ্জয় বিশ্বাস মৌসুমি কাজ করেন। সংসার চালাতে লক্ষ্মী রানিকে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করতে হয়। দুই মেয়ের একজনের বিয়ে হয়েছে। অন্যজন এইচএসসিতে পড়ছে।

আগে প্রতিবন্ধী ভাতা হিসেবে তিন মাস পরপর ২ হাজার ৭০০ টাকা পেতেন তিনি। এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে পাচ্ছেন ২ হাজার ৫০০ টাকা।

লক্ষ্মী রানী বলেন, ‘এনজিও থেকে ঋণ নেওয়া ছিল। কিস্তি দিতে পারছিলাম না। প্রতি মাসে ফ্যামিলি কার্ডের টাকা পাওয়ায় কিস্তি পরিশোধ করতে পারছি। মেয়ের লেখাপড়ার খরচ দিতে পারছি। আবার গরু, ছাগল ও মুরগির খাবারও কিনতে পারছি।’

তার প্রতিবেশী সুচিত্রা বর্মণও এই অর্থে স্বস্তি পেয়েছেন। সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি সংসারের ব্যয় চালাতে পারছেন তিনি।

মল্লিকপাড়ার আঞ্জুয়ারা বেগমের (৪০) কাছে ফ্যামিলি কার্ডের অর্থ নিজের প্রয়োজন মেটানোর সুযোগ তৈরি করেছে। তার স্বামী জাকারিয়া একটি ওয়ার্কশপে মেকানিকের কাজ করেন। টানাটানির সংসারে খাবারের সংস্থান করতেই কষ্ট হয় তাদের।

আঞ্জুয়ারা বলেন, ‘সব পরিবারেই মেয়েদের আলাদা কিছু খরচ থাকে। টানাটানির সংসারে বাড়ির পুরুষদের কাছে এই টাকা চাওয়া যায় না। ফ্যামিলি কার্ডের টাকা পাওয়ায় খুবই সুবিধা হয়েছে।’

সুফিয়া, মেহেরুন, রাজিয়া কিংবা লক্ষ্মী রানীর কাছে ফ্যামিলি কার্ডের অর্থের ব্যবহার আলাদা। কারও কাছে এটি সন্তানের পড়াশোনার খরচ। কারও কাছে স্বামীর ওষুধ কেনার ভরসা। আবার কারও কাছে বাড়তি আয়ের পুঁজি। এই সহায়তা তাঁদের সংসারের চাপ কমাচ্ছে। পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটানোর সুযোগও তৈরি করছে।

আরও এলাকায় বিতরণের প্রস্তুতি

যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, নিম্নবিত্ত পরিবারের নারীরা সংসারের অনেক কাজ করলেও নিজেদের খরচ করার মতো অর্থ থাকে না। নারীদের আর্থিক সক্ষমতা ও পরিবারে মর্যাদা বাড়াতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।

তিনি জানান, পাইলট কর্মসূচি থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। জেলার অন্য এলাকাগুলোতেও তথ্য সংগ্রহ চলছে। তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, একটি ওয়ার্ডে কার্ড বিতরণের পর ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এই অভিজ্ঞতা পরবর্তী ধাপে কাজে লাগানো হবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাসসকে বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে তা বাস্তবায়নের কাজ শুরু করে।

তিনি জানান, যশোর সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হবে। লেবুতলা, নওয়াপাড়া ও নরেন্দ্রপুর ইউনিয়নের একটি করে ওয়ার্ডে তথ্য সংগ্রহ চলছে। পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডেও শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, চাঁচড়ার সাত নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণে দল, মত, ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য এলাকাগুলোতেও একইভাবে কার্ড বিতরণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button