বিশেষ খবররাজনীতি

হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে: রিজভী

 

নভেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে।

আজ ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, হঠাৎ করেই হত্যার রাজনীতি শুরু হয়েছে। সম্প্রতি  ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। নড়াইলেও দুজনকে হত্যা করা হয়েছে। তাদের একজন যুবদলের ও অন্যজন কৃষক দলের নেতা।

এ সময় তিনি আরও বলেন, দেশে একটি ‘পঞ্চম বাহিনী’ তৈরি হয়েছে। তারা অন্য দেশ থেকে মদদ, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ছে। যারা গাড়িতে আগুন দিচ্ছে, পুলিশ বক্সে আগুন দিচ্ছে ও মানুষ হত্যা করছে, তাদের কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।

দল-মত নির্বিশেষে সবাইকে এই অপশক্তি প্রতিরোধের আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের মানুষ অতীতের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না। তারা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার স্বাধীনতা থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নমতের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থানের পরিবেশ নষ্ট করা হয়েছিল। একইভাবে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার অবদানকে প্রাধান্য দিয়ে ইতিহাস তুলে ধরা হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান ইতিহাসের বইয়ে খাটো করে দেখানো হয়েছে।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা ও আত্মত্যাগকেও নানাভাবে অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সত্যকে আড়াল করা যায় না। পাঠ্যপুস্তকে প্রকৃত ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরতে হবে। অতীতের গুম, খুন ও ক্রসফায়ারের রাজনীতিরও পুনরাবৃত্তি দেখতে চায় না দেশের মানুষ।

ঢাকা কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ঊনবিংশ শতাব্দীতে অবিভক্ত বাংলার সরকারি কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ ও রাজশাহী কলেজ অন্যতম। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু কীর্তিমান রাজনীতিবিদ, লেখক, কবি, ঔপন্যাসিক ও মননশীল মানুষের জন্ম হয়েছে। অনেক খ্যাতিমান অধ্যক্ষ ও শিক্ষকের অবদানেও ঢাকা কলেজ সমৃদ্ধ হয়েছে।

রিজভী জানান, একসময় ম্যাট্রিক (এসএসসি) পাস কওে তিনি ঢাকা কলেজে ভর্তির স্বপ্ন দেখেছিলেন। তবে তিনি রাজশাহী কলেজে ভর্তি হয়েছিলেন।

আজ ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তার সেই স্বপ্ন অন্যভাবে পূরণ হয়েছে।

রুহুল কবির রিজভী ঢাকা কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সত্যিকার অর্থে জ্ঞানচর্চা, সত্যের চর্চা ও গবেষণার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button