অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ

 

নভেম্বর, ২০২৬ (বাসস) : দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে বহুমুখী ও সমন্বিত উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা, ঋণ আদায় তৎপরতা বাড়ানো, ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন ও আইনি সংস্কারের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে খেলাপি ঋণ আদায়ে গতি আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরের ২৯ জুন চালু হওয়া বিশেষ এ নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক, মানে শ্রেণিকৃত ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণ এ সুবিধার আওতাভুক্ত। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কর্মপরিকল্পনার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে ও ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি যেসব ব্যাংকে শ্রেণিকৃত ঋণের হার বেশি, সেগুলোর ওপর নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

বিশেষ এ সুবিধার মূল উদ্দেশ্য হলো, নির্ধারিত শর্ত পূরণকারী ঋণগ্রহীতাদের দায় নিষ্পত্তির সুযোগ দেওয়া ও দীর্ঘদিন ধরে খেলাপি হিসাবে আটকে থাকা অর্থ ব্যাংকগুলোকে আদায়ে সহায়তা করা। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনায় ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণের হার রয়েছে—এমন ব্যাংকগুলোর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে প্রতি তিন মাসে বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এসব ব্যাংককে খেলাপি ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে।

এ ছাড়া প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি ঋণগ্রহীতার কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতি ব্যাংকার্স সভায় পর্যালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে ঋণ আদায়ের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যাংকগুলোর জবাবদিহি নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বাসসকে বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে ঋণ আদায় জোরদার এবং ব্যাংকের সম্পদের মান উন্নয়নে কাজ করছে তাঁর ব্যাংক।

তিনি বলেন, বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি নীতিমালা যোগ্য ঋণগ্রহীতাদের জন্য একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় ঋণ পরিশোধের সুযোগ তৈরি করেছে। এর ফলে দীর্ঘদিন ধরে অনাদায়ি থাকা ঋণের অর্থ আদায় করা ব্যাংকগুলোর জন্য সহজ হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ঋণগ্রহীতাদের পরিশোধ সক্ষমতা যাচাই, গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বকেয়া ঋণ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ অন্যান্য উদ্যোগও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

খেলাপি ঋণ কমানোর পাশাপাশি নতুন করে খেলাপি ঋণ সৃষ্টি ঠেকাতেও ঋণঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন শক্তিশালী করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস-৯) অনুসারে এক্সপেকটেড ক্রেডিট লস (ইসিএল) কাঠামো চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নতুন এ কাঠামোর মাধ্যমে ব্যাংকগুলো তাদের ঋণ পোর্টফোলিওর সম্ভাব্য ঝুঁকি আগেভাগে মূল্যায়ন করতে পারবে এবং এতে সম্ভাব্য ঋণক্ষতির পূর্বাভাস পাওয়া ও সে অনুযায়ী সময়মতো প্রভিশন বা সঞ্চিতি সংরক্ষণ সহজ হবে। ফলে ঋণঝুঁকি ব্যবস্থাপনায় ব্যাংকগুলো আরও সতর্ক ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

মধ্যমেয়াদি পরিকল্পনায় ঋণ আদায়ে নিয়োজিত ব্যাংক কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা চালু ও নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের জন্য বিদ্যমান প্রণোদনা পর্যালোচনার বিষয়টিও রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ঋণ ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করা, ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অনিয়ম প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ দ্রুত আদায়ে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগও নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং এর অংশ হিসেবে প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন ও অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ রয়েছে।

এসব পদক্ষেপের লক্ষ্য হলো খেলাপি ঋণসংক্রান্ত মামলার নিষ্পত্তি দ্রুত করা এবং ব্যাংকের আটকে থাকা অর্থ আদায়ের প্রক্রিয়া সহজ করা।

ঝুঁকিভিত্তিক তদারকির অংশ হিসেবে দুর্বল সুশাসন বা ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকি রয়েছে—এমন ব্যাংকগুলোতে বিশেষ সম্পদমান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ-একিউআর) জোরদারের ওপরও গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এর মাধ্যমে ব্যাংকগুলোর ঋণ পোর্টফোলিও ও সম্পদের মান যাচাই করে দুর্বলতা, ঋণঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, পুনর্গঠন বা পুনঃতফসিলের সুবিধা কেবল এমন ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া উচিত, যাদের ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার সক্ষমতা ও ঋণ পরিশোধের সামর্থ্য আছে।

অন্যদিকে, যারা ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে হবে।

ঋণ আদায় কার্যক্রম আরও কার্যকর করতে ব্যাংকগুলোর আইনি বিভাগ ও বিশেষায়িত ঋণ আদায় ইউনিট শক্তিশালী করা, জামানতের সঠিক মূল্যায়ন ও তা নগদায়নের প্রক্রিয়া উন্নত করা এবং বড় ও উচ্চঝুঁকির ঋণগ্রহীতাদের ওপর নিবিড় নজরদারিরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যাংক খাতে খেলাপি ঋণের উচ্চ হার, সম্পদের মান ও মূলধন পর্যাপ্ততা নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগ এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত হওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী ও সামগ্রিক ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পথ সুগম হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button