শীর্ষ নিউজ

সাবেক সিইসি শামসুল হুদার জানাযা বাদ মাগরিব গুলশান সোসাইটি মসজিদে

 

৭ জুলাই, ২০২৫ (বাসস) : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার জানাযা আজ সোমবার বাদ মাগরিব গুলশান সোসাইটি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এছাড়া আজ বাদ আসর বিকাল ৫টায় গুলশান সোসাইটির লেক পার্কে এ টি এম শামসুল হুদার প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ বিষয়ে গুলশান সোসাইটির এক শোক সংবাদে বলা হয়েছে, গুলশান সোসাইটির তিন বার নির্বাচিত প্রেসিডেন্ট এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সোমবার বাদ আসর (বিকাল ৫টা) গুলশান সোসাইটি লেক পার্কে তার প্রতি নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হবে।

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা গত ৫ জুলাই শনিবার সকালে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি স্ত্রী, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. এ টি এম. শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্ম গ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

কর্মজীবনে তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button