অর্থ ও বাণিজ্যবিশেষ খবর

জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার

মার্চ, ২০২৬ (বাসস) : জ্বালানি তেল বিক্রিতে রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সিদ্ধান্তটি আজ থেকেই কার্যকর করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সৃষ্ট সমস্যার প্রেক্ষাপটে সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ইতোমধ্যে আমদানিকৃত কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকেই সকল বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৬ মার্চ জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। সে অনুযায়ী মোটরসাইকেলে ২ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাসে দিনে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকে দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছিল।

পরে রাইডশেয়ারিং চালকদের জন্য মোটরসাইকেলকে তেল বিক্রির সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সঙ্গে ২৫ শতাংশ রেশনিং কমিয়ে ১৫ শতাংশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button