চট্টগ্রামশীর্ষ নিউজ
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭টি সিআর (চেক রেজিস্টার) মামলার পরোয়ানাভুক্ত আসামি ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুবল সাহাকে (৩০) গ্রেফতার করেছে।
সোমবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া থানার উত্তর রাংগুনীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুবল সাহা উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মজুমদারখীল এলাকার মৃত গৌরপদ সাহার ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।
গ্রেফতারকৃত সুবল সাহার বিরুদ্ধে ৪টি সিআর সাজা পরোয়ানা এবং ১৩টি সিআর পরোয়ানাসহ মোট ১৭টি মামলার ওয়ারেন্ট ছিল।
এছাড়াও গত ২২ জানুয়ারি রাঙ্গুনিয়া মডেল থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (মামলা নং-১২, ধারা-৩০৪/৩৪ পেনাল কোড) তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ পলাতক আসামি হিসেবেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন জানান, সুবল সাহা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




