কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জুলাই, ২০২৬ (বাসস): জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে|
বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধসে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে বলে বাসস’কে জানিয়েছেন ইউপি সদস্য পাইসুইখই মারমা|
তিনি বলেন, অতিবৃষ্টির ফলে গত রাতের যেকোনো সময় এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে|
বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বাসস’কে বলেন, চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধসের কারণে বর্তমানে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে| তবে কিছু কিছু হালকা যানবাহন বিকল্প পথ হিসাবে দংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছে|
এ বিষয় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বাসস’কে জানান, আজ সকালে উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে| সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ চলছে বলে জানান তিনি|




