খেলা

আবারও ক্রোয়েশিয়ার কোচ হিসেবে নিয়োগ পেলেন স্লাভেন বিলিচ

 

জুলাই ২০২৬ (বাসস) : ক্রোয়েশিয়ার কোচ হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন স্লাভেন বিলিচ। দেশটির জাতীয় ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর জ্লাটকো ডালিচ কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন করে বিলিচকে নিয়োগ দিল ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের শেষ ষোলতে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নেবার পর ২০১৮ বিশ্বকাপ রানার্স-আপ দল থেকে পদত্যাগ করেন ডালিচ।

এর আগে ২০০৬-২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক আন্তর্জাতিক ডিফেন্ডার বিলিচ। এছাড়া কোচিং ক্যারিয়ারে ৫৭ বছর বয়সী বিলিচ ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম, ওয়েস্ট ব্রুমউইচ ও ওয়াটফোর্ডের দায়িত্ব পালন করেছেন। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস) জানিয়েছে সকলের সর্বসম্মতিক্রমে বিলিচকে নিয়োগ দেয়া হয়েছে।

এ সম্পর্কে এইচএনএস’র সভাপতি মারিয়ান কাস্টিচ বলেছেন, জ্লাটকোর উত্তরসূরী খুঁজে বের করা মোটেই সহজ কাজ নয়। কিন্তু এই মুহূর্তে স্লাভেনই সঠিক ব্যক্তি বলে আমরা সবাই মনে করেছি।’

আগের মেয়াদে ডালিচের থেকেও বিলিচের অধীনে ক্রোয়েশিয়ার জয়ের পাল্লা ভারী। তার অধীনে ক্রোয়েশিয়া ৬৫ ম্যাচে ৪২টিতে জয়, ১৫টি ড্র ও আটটিতে পরাজিত হয়েছে। ২০০৮ সালে বিলিচের অধীনে ক্রোয়েশিয়া ইউরো ২০০৮ চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল, যেটা ছিল তাদের সর্বোচ্চ অর্জন। পেনাল্টিতে অবশ্য তারা তুরষ্কের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।

এক সংবাদ সম্মেলনে বিলিচ বলেন, ‘এই চ্যালেঞ্জ নিতে আমি সত্যিই মুখিয়ে আছি। ২০০৬ সালের তুলনায় নিজেকে আরও বেশী সমৃদ্ধ করেছি। যে কারনে আমার মনে হচ্ছে এখন আরও পরিনত ও পুরোপুরি প্রস্তত অবস্থায় আমি দায়িত্ব নিতে যাচ্ছি। ক্রোয়েশিয়ার প্রতি আকাঙ্খা ও লক্ষ্য এখনও সেই একইরকম শক্তিশালী আছে।’

স্প্লিটে জন্ম নেওয়া বিলিচ বলেন, “আমার লক্ষ্য একটি বড় সাফল্য অর্জন করা, বিশেষ করে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এখন আমাদেও মূল লক্ষ্য।”

অভিজ্ঞ অধিনায়ক লুকা মদ্রিচ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিলিচ বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণই সাবেক ব্যালন ডি’অর বিজয়ীর নিজের। মদ্রিচ আগামী সেপ্টেম্বরে ৪১ বছরে পা দেবেন।

বিলিচ বলেন, “তিনি ক্রোয়েশিয়ার জন্য শুধু সেরা খেলোয়াড়ই নন, তার চেয়েও অনেক বেশি কিছু। ২০১৮ সাল থেকেই মদ্রিচকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি অবসর নেবেন কি না… আমি চাই তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যান।”

ক্রোয়েশিয়ার হয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বিলিচ তাঁর ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন হাইদুক স্প্লিটে। এছাড়া ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও এভারটনের হয়েও খেলেছেন।

কোচ হিসেবে বিলিচের সর্বশেষ দায়িত্ব ছিল সৌদি আরবের আল-ফাতেহ ক্লাবে, যেখানে তিনি ২০২৩-২৪ মৌসুমে কাজ করেন।

মদ্রিচের নেতৃত্বাধীন ক্রোয়েশিয়া ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছিল।

এছাড়া বিদায়ী কোচ জ্লাটকো ডালিচের অধীনে ক্রোয়েশিয়া ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল এবং ইউরো ২০২০-এ শেষ ষোলোতে খেলেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button